কাজ করেছেন একজন বিল পাবেন অন্যজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টের জরুরি কাজের বিল নিয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিশেষায়িত শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন একজন ঠিকাদার। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে জানা যায়, ২০০৯ সালের ১০ জুলাই সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের (হার্ড পয়েন্ট) দেড় শ মিটার এলাকায় ধস নামলে পাউবো বিশেষায়িত শাখার কর্মকর্তারা আত্মগোপন করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগ ওই স্থানে বালুর বস্তা দিয়ে ভরাট করার জন্য সুলতান আহমেদ নামের ঢাকার এক ঠিকাদারকে মৌখিকভাবে নির্দেশ দেন। তিনি প্রায় ১৫ লাখ টাকার দুই হাজার ১৯৩ বালুভর্তি বস্তা ফেলেন। পরে কাজের অনুমোদনের জন্য কাগজপত্র ঢাকায় পাঠানো হয়। এরপর পাউবোর বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী ও পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী বদলি হয়ে যান। আবদুল মালেক বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরে ওই কাজের অনুমোদন এলে আবদুল মালেক ঠিকাদার সুলতান আহমেদকে না জানিয়ে স্থানীয় একজনকে সুলতান আহমেদ সাজিয়ে বিল প্রদান করার জন্য গত ৩০ জুন শিডিউল প্রদান করেন। বিষয়টি ফাঁস হয়ে গেলে ঢাকার আসল ঠিকাদার সুলতান আহমেদ শিডিউল দাবি করেন। কিন্তু নির্বাহী প্রকৌশলী এতে গড়িমসি করেন ও একপর্যায়ে দিতে অস্বীকার করেন।কাজের সময় পওর বিভাগের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী নিজামুল হক ভূঁইয়া বলেন, ঢাকার ঠিকাদার সুলতান আহমেদই ওই কাজের ঠিকাদার ছিলেন। ঢাকার ঠিকাদার সুলতান আহমেদ বলেন, কাজের বিষয়ে সব তথ্যপ্রমাণ তিনি জমা দিয়েছেন। তার পরও তাঁকে শিডিউল না দিয়ে অন্য একজনকে গোপনে বিল দিয়ে টাকা আত্মসাতের পাঁয়তারা করা হচ্ছে।এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক বলেন, স্থানীয় সুলতান আহমেদ কাগজপত্র জমা দেওয়ায় তাঁকে শিডিউল প্রদান করা হয়েছে। সুলতান নামের ঢাকার অন্য একজন কাজ করেছিলেন, এ বিষয়টি পরে তিনি শুনেছেন। এখন তাঁকে শিডিউল প্রদান না করার বিষয়ে বলেন, সুলতান নামে একজনকেই শিডিউল দেওয়া হয়েছে। শিডিউল জমা হওয়ার পর প্রমাণসাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।