কাজ করেন দুই দিন, স্বাক্ষর পুরো সপ্তাহের!
বান্দরবান সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সপ্তাহে দুই দিন কর্মস্থলে আসেন। কিন্তু হাজিরা খাতায় পুরো সপ্তাহের উপস্থিতির স্বাক্ষর করেন। এভাবে অলিখিত নিয়মে তাঁরা বছরের পর বছর ধরে বেতন-ভাতা নিচ্ছেন।
গতকাল রোববার পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় দুজন বিশেষজ্ঞ চিকিৎসক নিজেরা সপ্তাহে দুই দিন কর্মস্থলে আসার কথা স্বীকার করেছেন। তাঁদের একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও অন্যজন চর্মরোগ বিশেষজ্ঞ।
জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বান্দরবান সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম, সিভিল সার্জন অংসুইপ্রু মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন। এ ছাড়া হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও দুজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।
সভায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং চিকিৎসকেরা নিয়মিত হাসপাতালে উপস্থিত থাকেন কিনা জানতে চাইলে উপস্থিত অনেকে অভিযোগ করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত আসেন না। এ সময় দুই চিকিৎসক বলেন, তাঁরা পালাক্রমে সপ্তাহে দুই দিন করে হাসপাতালে এসে চিকিৎসাসেবা দেন। এ সময় প্রতিমন্ত্রী সপ্তাহে দুই দিন এসে সাত দিনের বেতন নিচ্ছেন কিনা জানতে চাইলে তাঁরা কোনো জবাব দিতে পারেননি।
হাসপাতালে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন হাসপাতালে বর্তমানে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক পদায়িত রয়েছেন। কিন্তু গতকালও মাত্র তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন। তাঁরা সবাই সপ্তাহে দুই দিন করে পালাক্রমে আসেন এবং পুরো সপ্তাহের হাজিরা খাতায় স্বাক্ষর করেন।
সিভিল সার্জন অংসুইপ্রু জানিয়েছেন ২০০৫ সালে বান্দরবান সদর হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হলেও এখনো ৫০ শয্যার জনবল নিয়ে চলছে। ৫০ শয্যার জনবলের ২১ জন চিকিৎসকের মধ্যে ১৪ জন কর্মরত রয়েছেন। জেলার সাতটি উপজেলায় ১২০ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন ৬৫ জন।