দেশের প্রতিটি সাব-পোস্ট অফিসে একজন পোস্টমাস্টার ও একজন পোস্টম্যানের (চিঠি বিলিকারী) পদ আছে। অথচ নড়াইলের লোহাগড়া সাব-পোস্ট অফিসে কোনো পদই নেই। এখানে লক্ষ্মীপাশা পোস্ট অফিসের অপারেটর দীপক কুমার সরকার পোস্টমাস্টারের এবং বাঘারপাড়া পোস্ট অফিসের রবিউল ইসলাম পোস্টম্যানের দায়িত্বে আছেন। এঁরা দুজনই প্রেষণে আছেন।দীপক কুমার সরকার বলেন, ‘সেবার পরিসর ও লেনদেনের দিকে দিয়ে জেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোহাগড়া সাব-পোস্ট অফিস। এখানে ইলেকট্রনিক ও মোবাইল মনিঅর্ডার এবং সাধারণ মনিঅর্ডারের মাধ্যমে মাসে প্রায় কোটি টাকা লেনদেন হয়। প্রতিদিন প্রায় ২০০ লোককে সেবা দিতে হয়। এ সাব-পোস্ট অফিসের অধীনে রয়েছে আড়িয়ারা, চাচই, মরিচপাশা, কামঠানা, মল্লিকপুর ও কুন্দশী শাখা পোস্ট অফিস। এই ছয়টি শাখা নিয়ন্ত্রণসহ এখানে চিঠি আদান-প্রদান, রেজিস্ট্রি ও বিমা পার্সেল আদান-প্রদান, ডাক জীবন বীমা, সঞ্চয়পত্র, সঞ্চয়ী ও মেয়াদি ব্যাংকিং ইত্যাদি কার্যক্রম পরিচালনা করতে হয়। জেলা পোস্ট অফিসে যে কাজ, তার সমান সেবাসংক্রান্ত কাজ এখানে হয়। অথচ কোনো পদই নেই। এখানে উপজেলা পোস্ট অফিসের মতো পদ দরকার।’প্রবীণ লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, লোহাগড়া বাজার ও লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়-সংলগ্ন প্রচীরঘেরা ৩০ শতাংশ জমির ওপর লোহাগড়া সাব-পোস্ট অফিসটি অবস্থিত। ব্রিটিশ আমল থেকে লোহাগড়া থানার প্রধান পোস্ট অফিস ছিল এটি। ১৯৮২-৮৩ সালে আরেকটি নতুন ভবন তৈরি করে লক্ষ্মীপাশায় উপজেলা পোস্ট অফিস করা হয়। আর এটি হয় সাব-পোস্ট অফিস।উপজেলার শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের সুমী বেগম জানান, ছেলে চাকরি করে। মোবাইলের মাধ্যমে এই পোস্ট অফিসে টাকা পাঠায়। প্রায় ২০ কিলোমিটার দূর থেকে এসে এখানে দু-তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টাকা নিতে হয়।লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসান আলী দেওয়ান বলেন, ‘ডিগ্রি, উন্মুক্ত, এইচএসসি, এসএসসি, জেএসসি, জেডিসি, আলিম ও দাখিল পরীক্ষার খাতা আমাদের এ পোস্ট অফিসের মাধ্যমে বিমা পার্সেল করতে হয়। অথচ দুজন ভাড়াটে লোক দিয়ে চলছে এ পোস্ট অফিস।’ যশোর অঞ্চলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল অলোকা রানী রায় বলেন, ‘কাজের দিক দিয়ে নড়াইল জেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এ পোস্ট অফিস। সাব-পোস্ট অফিস হলেও এর কোনো পদ নেই—এটি বিস্ময়কর ব্যাপার। অন্য পোস্ট অফিসের লোক দিয়ে এখানে কাজ চালানো হচ্ছে। পদ সৃষ্টির বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাপার। এ ব্যাপারে আমরা বেশ কয়েকবার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু কাজ হচ্ছে না।’