মূল সেতু নির্মাণের কাজ শুরু না হলেও এখন চলছে পদ্মা সেতু প্রকল্পের প্রস্তুতি পর্ব। নির্মাণ এলাকা (কনস্ট্রাকশন ইয়ার্ড), দেশি-বিদেশি প্রকৌশলী ও কর্মকর্তাদের আবাসন, অ্যাপ্রোচ সড়ক, টোল প্লাজাসহ আনুষঙ্গিক অবকাঠামো তৈরির কাজ পুরোদমে চলছে। যেন এক নির্মাণযজ্ঞ।
প্রস্তুতি পর্বের বিশাল নির্মাণযজ্ঞে নদীর পারে মাওয়া ও জাজিরার চিরচেনা পরিবেশটাই বদলে গেছে। অ্যাপ্রোচ সড়কের জন্য অধিগ্রহণকৃত জমিতে এখন পাইলিং, ব্রিজ-কালভার্ট নির্মাণ ও মাটি ভরাটের কাজ চলছে। এ ছাড়া দেশি-বিদেশি প্রকৌশলী ও কর্মকর্তা, কর্মীদের থাকার জন্য আবাসিক বা সার্ভিস এরিয়া নির্মিত হচ্ছে। এর ফলে নদীর দুই পারে দৃশ্যমান হতে শুরু করেছে পদ্মা সেতু নির্মাণের প্রাথমিক পর্ব। বিশাল নির্মাণকাজের তোড়ে প্রকল্প এলাকা এখন ধুলোময়।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য চারটি পুনর্বাসন এলাকা নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রায় ১ হাজার ১০০ ক্ষতিগ্রস্ত তাঁদের প্লটে উঠে পড়েছেন।
সম্প্রতি পদ্মা সেতু প্রকল্প এলাকা ঘুরে এ চিত্র পাওয়া গেছে। আগামী ফেব্রুয়ারি মাসে মূল সেতু নির্মাণের পরীক্ষামূলক পাইলিংয়ের কাজ শুরু হবে। সরকারের পক্ষ থেকে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র ও টিভি চ্যানেলের সাংবাদিকদের এ প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ দেখানোর জন্য মাওয়া ও জাজিরায় নেওয়া হয়।
ওই সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু এখন আর অবাস্তব কল্পনা নয়, স্বপ্ন নয়। এ সেতু নির্মাণে যেসব চ্যালেঞ্জ ছিল, তা দূর করা হয়েছে। এখন শুধু নির্মাণকাজ বাকি। তিনি জানান, প্রকল্প এলাকায় যেমন কর্মযজ্ঞ শুরু হয়েছে, তেমনি জার্মানি, সিঙ্গাপুর ও চীনেও সেতুর প্রয়োজনীয় উপাদান নির্মিত হচ্ছে। ২০১৮ সালের মধ্যে এ সেতুর কাজ শেষ করতে সরকার বদ্ধপরিকর। সে কারণে কোথাও কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না। এ বিশাল কর্মযজ্ঞকে বাস্তব রূপ দিতে সেনাবাহিনীর সদস্য, মন্ত্রণালয়ের প্রকৌশলী ও বিদেশি প্রকৌশলী সবাই একযোগে দিন-রাত পরিশ্রম করে চলেছেন।
প্রস্তুতি পর্বের অবকাঠামো: মূল সেতু নির্মাণ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। সেতু তৈরির জন্য স্প্যান, পাইলিং, গার্ডার নির্মাণের আনুষঙ্গিক যন্ত্রপাতি নির্মাণের জন্য মাওয়ার শিমুলিয়া ফেরিঘাটের কাছে কনস্ট্রাকশন ইয়ার্ড নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে কোম্পানির প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা আসতে শুরু করেছেন। কনস্ট্রাকশন ইয়ার্ড ঘুরে দেখা গেছে, তিনটি করে ড্রেজার ও ফ্লোটিং ক্রেন, দুটি টাগবোট, একটি অ্যাংকর বোট চলে এসেছে।
শরীয়তপুরের জাজিরা অংশে প্রায় ১০ দশমিক ৫৭ কিলোমিটার চার লেনের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হবে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, জাজিরা, শিকদারকান্দি, কুতুববাড়ি, বড় কেশবপুর, নাওডোবাসহ বিভিন্ন এলাকায় অ্যাপ্রোচ সড়কের পাইলিং ও মাটি ভরাটের কাজ চলছে। পাশাপাশি চলছে পাঁচটি ব্রিজ, ২০টি কালভার্ট ও আটটি আন্ডারপাস নির্মাণের কাজ।
মাওয়া প্রান্তে অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য হবে এক কিলোমিটার। এ সড়ক তৈরির জন্য মাটি ভরাটের কাজ চলছে। সার্বিক অগ্রগতি ২২ শতাংশ। এ কাজে ব্যয় হবে ১৯৩ কোটি টাকা।
অ্যাপ্রোচ সড়ক নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান হলো আবদুল মোনেম লিমিটেড-হাইওয়ে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (এএমএল-এইচসিএম) নামের বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ বিনিয়োগের কোম্পানি।
বাস্তবায়ন: ২০১১ সালে একদফা সময় ও ব্যয় বৃদ্ধি করা হয়। তখন পুরো প্রকল্পের ব্যয় ধরা হয় ২০ হাজার ৫০৭ কোটি টাকা। আর মেয়াদ ধরা হয় ২০১৫ সালের জুন পর্যন্ত। কিন্তু বিশ্বব্যাংকসহ অন্য দাতারা এ প্রকল্প থেকে সরে যাওয়ায় প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয়। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত প্রকল্পের আর্থিক অগ্রগতি ৩০ শতাংশ। টাকার অঙ্কে এর পরিমাণ ৬ হাজার ১৫২ কোটি টাকা। আর নির্মাণকাজ মানে ভৌত অগ্রগতি হয়েছে ১৬ শতাংশ।
প্রকল্প পরিচালক সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্বব্যাংক সরে যাওয়ায় নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী ঠিকাদার নিয়োগে বিলম্ব হয়। এ জন্য প্রকল্পটি ২০১৮ সালের জুন পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ব্যয়ও বাড়িয়ে প্রায় ২৫ হাজার কোটি টাকা করা হচ্ছে।
দুটি অ্যাপ্রোচ সড়ক ও সার্ভিস এরিয়া তত্ত্বাবধানের জন্য সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনকে (পশ্চিম) দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৬৮৭ জন সদস্য নিয়োগ করেছে সেনাবাহিনী।
এ কাজের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ সাংবাদিকদের বলেন, সামরিক-বেসামরিক একসঙ্গে কাজ করার প্রয়াস নেওয়া হয়েছে। তিন দশক ধরে সেনাবাহিনী বেসামরিক অবকাঠামো নির্মাণে কাজ করছে।