‘রাস্তাঘাটে ভোটের গ্যাদারিং নাই। ভিতরে ভিতরে ওয়ার্ক চলছে। উপরে বোঝা যায় না, তবে মার্কা পাওয়ার পর গ্যাদারিং হবে।’ উলিপুর পৌরসভার নির্বাচনী হাওয়া নিয়ে কথাগুলো বলেন হায়াত খাঁ গ্রামের সুপারির ব্যবসায়ী আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম আরও বলেন, ইতিমধ্যে প্রার্থীরা সবকিছু গুছিয়ে নিয়েছেন। অর্থাৎ ওয়ার্ড কমিটি, সেন্টার কমিটি, নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে কাজ করছেন।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে উলিপুর পৌরসভায় গিয়ে দেখা যায়, সড়কে মানুষের চলাচল কম। দু-চারজন ঘন কুয়াশা ও শীতে জবুথবু হয়ে চলাচল করছেন। তবে হোটেলগুলোতে বেশ ভিড়। আলোচনার বিষয় প্রার্থীদের নিয়ে। শহরের বিভিন্ন স্থানে কাউন্সিলর প্রার্থীদের পোস্টার চোখে পড়ে। পোস্টারগুলো ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এরশাদ হাবিব ওরফে নয়ন, আ. মতিন এবং ৪, ৫ ও ৬ সংরক্ষিত মহিলা আসনের অর্চনা বেগম, এনা বেগম ও লতা বেগমের। পোস্টারে লেখা, ‘আগামী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে আপনার দোয়া চাই’।
উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে দেখা যায়, বাইরের লোকজন নেই। নির্বাচন কর্মকর্তা মো. আবদুল আজিজ দুই সহযোগীসহ নির্বাচন-সংক্রান্ত কাজ করছেন। তিনি জানান, উলিপুর পৌরসভায় ভোটার সংখ্যা ৩৩ হাজার ৬২৪। এঁদের মধ্যে নারী ১৭ হাজার ২৮৭ ও পুরুষ ভোটার সংখ্যা ১৬ হাজার ৩৩৩। অর্থাৎ পুরুষের চেয়ে নারী ভোটার ৯৫০ জন বেশি।
নির্বাচনে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী রয়েছেন।
তাঁদের মধ্যে মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আবদুল হামিদ (বর্তমান মেয়র), বিএনপির তারিক আবু আলা চৌধুরী, জাতীয় পার্টির (এরশাদ) মো. সফিকুল ইসলাম ওরফে দাড়া, জাতীয় পার্টির (মঞ্জু) মোজাম্মেল হক ওরফে মানিক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্র সাজাদুর রহমান তালুকদার ওরফে সাজু।
সরদার পাড়া গ্রামের হোটেলশ্রমিক আয়নুল হক বলেন, ‘সকাল থাকি রাত পর্যন্ত মহিলারা দল বেঁধে গ্রামে গ্রামে যাচ্ছে। মাথায় হাত বোলাচ্ছে। দোয়া চাচ্ছে।’ এ ছাড়া হোটেলে বসে লোকজন প্রার্থীর পক্ষে-বিপক্ষে আলোচনার ঝড় তুলছে। জোরদার পাড়ায় দেখা হয় কৃষিশ্রমিক লোকমান হাকিমের সঙ্গে। কাঁচা সড়কে কাঁধে লাঙল নিয়ে জমিতে যাচ্ছেন তিনি। নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ্যালা কাটামারাই ও জমি তৈরির সময়। হাল দিবার যাবা নাগছি। ভোটের খবর রাখপার সময় কই। তবে শুক্রবার জুম্মার নামাজের সময় প্রার্থীরা দোয়া চাইছে। খোরমা খাওয়াছে। রাইতোত ভোট চাওয়ার জন্য আইসে।’
হায়াত খাঁ গ্রামের উত্তর-পূর্ব দিকের সড়কে একদল নারীর সঙ্গে দেখা হয়। ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী খোরশেদ আলমের মা লাইলি বেগম ভোটারদের কাছে গিয়ে দোয়া চাচ্ছেন। সঙ্গে তাঁর ছোট বোন লাভলী বেগম ও ভাবি আলেয়া বেগম। লাইলি বেগম ফজলুর রহমানের বাড়ির সামনে ভোটার মর্জিনা বেগমের মাথায় হাত দিয়ে ছেলের জন্য দোয়া চান। এ সময় তিনি বলেন, ‘কী করম বা, ছাওয়ার জন্য মানষেন কাছে দোয়া চাবার নাগছি। দোয়া দিলে ভোটো দিবে।’
পৌরসভার ৫ ও ৩ নম্বর ওয়ার্ড শিববাড়ী ও নারকেলবাড়ির ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় দেখা হয় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আবদুল হামিদের সঙ্গে। তিনি বলেন, ‘হাঁটতে হাঁটতে শরীরের অবস্থা কাহিল। তবু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া চাচ্ছি।’
বিএনপির প্রার্থী তারেক আবু আলা চৌধুরী পৌরসভার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে দোয়া চান। তবে তাঁর সঙ্গে দেখা হয়নি।
জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী সফিকুল ইসলাম মুনশিপাড়ায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, ‘মুনশিপাড়া বিরাট এলাকা। ঘরে ঘরে গিয়ে দোয়া চাচ্ছি। মানুষ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।’
একমাত্র স্বতন্ত্র প্রার্থী সাজাদুর রহমান শহরের আরডিআরএস মোড়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘আমি তিন বছর আগে থেকে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে ওয়ার্ড কমিটি, সেন্টার কমিটি, নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছি। জানাজার নামাজে গিয়েছিলাম।’
উলিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল আজিজ বলেন, আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ তাঁর কাছে আসেনি।