কাজ চলাকালে ৪০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে নদীতীর সংরক্ষণ বাঁধের কাজ চলাকালে ৪০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গতকাল বুধবার সকালে বাঁধের ওই অংশটুকু পদ্মায় বিলীন হয়ে যায়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দ্রুত ওই এলাকায় সিসি ব্লক ফেলা শুরু করেছে। বেড়িবাঁধ রক্ষার জন্য নদীতীর সংরক্ষণ বাঁধটি নির্মাণ করা হচ্ছে। সরেজমিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরধুঞ্চি এলাকায় বাঁধের একটি অংশ নদীগর্ভে ধসে পড়তে থাকে। এ সময় এলাকার লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কেউ কেউ ঘরের চালা খুলতে শুরু করে। চরধুঞ্চি এলাকার বাসিন্দা বাবর আলী বলেন, ‘হঠাৎ এক পাশ থেকে শব্দ হয়ে বাঁধ নদীতে বিলীন হতে থাকে। চোখের সামনে এভাবে বাঁধ ধসে যেতে দেখে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি।’ প্রতিবেশী বাবলু শেখ বলেন, ‘চোখের সামনে ঘণ্টা খানেকের মধ্যে অনেক এলাকা পদ্মার স্রোতের তোড়ে নিচের দিকে ডুবে যেতে লাগল। আমি ভয়ে ঘরের চালা খুলতে শুরু করছিলাম।’বেলা ১১টার দিকে দেখা যায়, পাউবো একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ওই এলাকায় সিসি ব্লক ফেলার কাজ শুরু করেছে। নদীতে তীব্র স্রোত। ১০-১২ জন লোক রশি দিয়ে নৌকাটিকে ধরে রাখছেন। আর নৌকায় থাকা শ্রমিকেরা সিসি ব্লক ভাঙন এলাকায় ফেলছেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পাউবোর জরিপকারী আবদুর রশিদ বলেন, ‘প্রবল বর্ষণ ও নদীর তীব্র স্রোতের কারণে বুধবার চরধুঞ্চির প্রায় ৪০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর আগে গত সোমবার এখান থেকে কয়েক শ গজ উজানে প্রায় ২০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়।’ পাউবো রাজবাড়ীর কার্যালয় সূত্র জানায়, শহরের গোদারবাজার ঘাট থেকে জেলা সদরের দাদশি ইউনিয়নের লালগোলা বেলায়েত চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার বা দুই হাজার ৯০০ মিটার দীর্ঘ বাঁধটির কাজ শুরু হয়, যার নির্মাণ ব্যয় ধরা হয় ৪৭ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা। গত বছরের ডিসেম্বর থেকে কাজ শুরু হয়েছে। আগামী বছরের জুন পর্যন্ত ১৯টি গ্রুপে সিসি ব্লক ও বালুভর্তি জিও ব্যাগ ফেলে কাজ করার কথা। ইতিমধ্যে প্রায় দেড় হাজার মিটারের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে গোদারবাজার চরধুঞ্চি এলাকার ৪০০ মিটারের কাজ করছে এডকো ইন্টারন্যাশনাল ও মেসার্স ভূঁইয়া ইঞ্জিনিয়ারিং নামের দুটি প্রতিষ্ঠান। বাঁধের যে অংশটুকু নদীতে বিলীন হয়ে গেছে, সেটুকুর কাজ ১০-১২ আগে শেষ হয় বলে জানা গেছে। পাউবো রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রবল বর্ষণ, পদ্মার পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে কিছু কিছু এলাকায় এমন ধস দেখা দিচ্ছে। তবে এ নিয়ে আতঙ্কিত বা চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ হিসেবে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে পাউবোর তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠানের সহযোগিতায় ভাঙন রোধের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।