সুন্দরবনসংলগ্ন রামপালে তাপ-বিদ্যুৎকেন্দ্র প্রকল্প নির্মাণকাজ চালু রাখায় সরকারের সমালোচনা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এর পাশাপাশি কনোকোফিলিপসকে বঙ্গোপসাগরের গ্যাস ব্লক ইজারা দেওয়া জাতীয় স্বার্থবিরোধী আখ্যায়িত করে এই ইজারা বাতিলেরও দাবি জানানো হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার বিকেলে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানানো হয়। সভায় বক্তারা বলেন, লুটেরাদের স্বার্থ রক্ষা করতেই বর্তমান ও অতীতের সরকারগুলো ‘দায়মুক্তি আইন’ পাস করে বিশেষ বিশেষ লোককে বিদ্যুৎ প্রকল্প দিয়েছে।
সমাবেশের সভাপতি জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, জাতীয় সম্পদ এবং সম্পদের মালিকানা বিদেশি-দেশি লুটেরাদের হাতে তুলে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যাবে না। তিনি বলেন, সবার জন্য কম দামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে প্রয়োজন সমুদ্র ও স্থলভাগের গ্যাস সম্পদ শতভাগ জাতীয় মালিকানায় রেখে উত্তোলন ও অনুসন্ধান। জাতীয় সক্ষমতা বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও কুইক রেন্টাল বন্ধ করা। পাশাপাশি রাষ্ট্রীয় খাতের বিদ্যুৎ প্ল্যান্ট দুর্নীতিমুক্ত ও দক্ষভাবে পরিচালনা করা।
সভায় জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেন বিদ্যুতের বাড়তি মূল্য প্রত্যাহারের দাবি জানান। বিজ্ঞপ্তি।