কাজ ছিনিয়ে নিলেন ছাত্রলীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাড়ে চার লাখ টাকার কাজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বরিশাল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, গত বুধবার দুপুরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারকাজের দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়। মোট ১৯২টি প্যাকেজের সাড়ে পাঁচ কোটি টাকার লটারিতে অংশ নেন বরিশালের ঠিকাদারেরা। এ সময় জসিম উদ্দিন নিজেই লটারির ঘুঁটি ঘুরিয়ে তা উত্তোলন করেন। তাঁর নম্বর ১০৭ না উঠলেও তিনি নিজেরটা উঠেছে দাবি করে ওই কাজটি নিয়ে নেন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে নির্বাহী প্রকৌশলী ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগিবতণ্ডা হয়।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরিশাল কার্যালয়ে লটারি শুরু হলে জসিম উদ্দিন ঘুঁটি ঘোরানোর চরকাটি তাঁর দখলে নেন। এরপর তিনি নিজেই চরকা ঘুরিয়ে যে ঘুঁটি ওঠান, তার নম্বর ১৮। তিনি দ্রুত সেটি রেখে ১০৭ নম্বর উঠেছে দাবি করেন। নম্বর দেখতে চাইলেও তিনি উপস্থিত ঠিকাদারসহ কর্মকর্তাদের কাউকে দেখতে দেননি।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী এফ এম মো. মুরশিদ জানান, বুধবার দুপুরে ১৯২ প্যাকেজের কাজের লটারি শুরু করলে জসিম উদ্দিন লটারি বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়। একপর্যায়ে জসিম নিজে লটারি ঘোরান। এ সময় তাঁর অন্য একটি ঘুঁটি উঠলে তিনি নিজের মেসার্স ফিরোজা এন্টারপ্রাইজ নামে ১০৭ নম্বর ঘুঁটি উঠেছে বলে দাবি করেন। আমরা এর প্রতিবাদ করি। একপর্যায়ে তাঁর সঙ্গে বাগিবতণ্ডা হয়।
জসিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুরো ঘটনা বানোয়াট। লটারির সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম। ছাত্রলীগের কর্মীরা সাড়ে চার লাখ টাকার এক গ্রুপের কাজ পেয়েছে। যারা লটারি নিয়ে অনিয়ম করতে পারেনি, তারা আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা ছড়াচ্ছে।’