কাজ জানলে ঘরে বসেই করা যায়: মহিউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের আগের দিন গতকাল বুধবার পরিবারের সদস্যদের সঙ্গে দিনের বেশির ভাগ সময় কাটিয়েছেন মেয়র পদে আওয়ামী লীগসমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সকাল থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত তিনি নগরের চশমা হিলে নিজ বাড়িতেই অবস্থান করেন এবং বাড়িতে আসা দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গেও কথা বলেন।সাবেক মেয়র মহিউদ্দিন বিকেলে নন্দনকাননে নাগরিক কমিটির প্রধান নির্বাচনী কার্যালয়ে যান এবং নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। ঘরে বসেই নির্বাচন পরিচালনা-সংক্রান্ত কাজ করেছেন তিনি। তিনি প্রথম আলোকে বলেন, ‘কাজ জানলে ঘরে বসেই করা যায়। এর জন্য বাইরে যাওয়ার দরকার হয় না।’নির্বাচনী আইনে ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগে থেকে সব ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। তাই টানা ১৩ দিন প্রচার ও গণসংযোগ করার পর গতকাল কিছুটা অলস সময় কাটিয়েছেন মহিউদ্দীন চৌধুরী। নিজ বাড়িতে স্ত্রী, সন্তান ও নাতি-নাতনির সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন তিনি। ড্রয়িংরুমে সমর্থকদের সঙ্গে আলাপ করার সময়ও তাঁর সঙ্গে ছিল দুই নাতনি।বাসার একটি কক্ষে বসে তিনি প্রথম আলোকে বলেন, ‘আজ নির্বাচনী প্রচার-প্রচারণা নেই। তাই বাসায় বসেই সময় কাটাচ্ছি। পরিবারের সদস্যদের পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সময় পার হয়ে যাচ্ছে।’ তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।দুপুরে কয়েকজন নিম্ন-আয়ের মানুষ মহিউদ্দিনের কাছে টাকা চাইতে এসেছিলেন। তবে নির্বাচনের সময় কাউকে অর্থ-সহায়তা দেওয়ার বিষয়টি নিষিদ্ধ থাকায় সবাইকে ফিরিয়ে দেন তিনি।মহিউদ্দিনের ছেলে মহিবুল হাসান বলেন, ‘আমরা বাবার পক্ষে সাধ্যমতো প্রচার চালিয়েছি। নগরের মানুষ বাবার সম্পর্কে জানে।’ তিনি বলেন, ‘অনেক দিন পর বাবা আজ পরিবারের সঙ্গে অনেকটা সময় থাকলেন।’