
বরিশাল নগরের নর্দমা পরিচ্ছন্নতার কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকার নর্দমা পরিষ্কারের কার্যাদেশ দিয়েছে সিটি করপোরেশন। তবে ময়লা-আবর্জনা অপসারণে ব্যবহার করা হচ্ছে করপোরেশনের গাড়ি ও শ্রমিক। এ ছাড়া আবর্জনা তুলে সড়কের ওপর স্তূপ করায় চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে নগরবাসীকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গত রবি ও সোমবার সরেজমিনে দেখা গেছে, নগরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, বটতলা, নতুনবাজার, কাকলির মোড়, জীবনানন্দ দাশ সড়ক, ভাটিখানাসহ গুরুত্বপূর্ণ সড়কে নর্দমা থেকে বেশ কিছুদিন আগে তোলা ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। ময়লা সড়কের প্রায় অর্ধেক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সড়কগুলোতে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। কিছু সড়ক থেকে ময়লা অপসারণ শুরু হয়েছে। তবে এ ক্ষেত্রে সিটি করপোরেশনের শ্রমিক ও গাড়ি ব্যবহার করতে দেখা গেছে।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. মোতালেব হাওলাদার বলেন, নগরের সব নর্দমার ময়লা অপসারণের জন্য ৫০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। দরপত্র অনুযায়ী আটটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে।
নগরের বটতলা এলাকায় ময়লা অপসারণে কাজ করছেন সিটি করপোশেনের শ্রমিক আ. রহিম। তিনি প্রথম আলোকে বলেন, ‘কাজ সিটি করপোরেশনের, তাই আমি করছি।’ একই কাজে নিয়োজিত সিটি করপোরেশনের গাড়িচালক মো. সাজু হাওলাদার বলেন, ‘করপোরেশনের নির্দেশে আমি এখানে কাজ করছি।’
ঠিকাদার সুজন সিকদার বলেন, ‘মেয়রের নির্দেশে গাড়ি ব্যবহার করা হচ্ছে। তবে শ্রমিক আমাদের নিজস্ব। করপোরেশনের শ্রমিকেরা অবসর সময়ে কাজ করেন।’
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে কথা হয় আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান শাম্মি ট্রেডার্সের মালিক মো. শফিকুর রহমানের সঙ্গে। সড়কে আবর্জনা পড়ে থাকার বিষয়ে তিনি বলেন, ময়লা অপসারণের জন্য গাড়ি পাওয়া যায় না। তাই সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করা হচ্ছে। বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম হোসেন বলেন, কাজের জবাবদিহি না থাকলে যা হয়, তা-ই হচ্ছে সিটি করপোরেশনে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে সিটি করপোরেশনের গাড়ি ও শ্রমিক ব্যবহার একধরনের দুর্নীতি।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মতিউর রহমান বলেন, নর্দমা পরিচ্ছন্নতার কাজ চলায় নগরবাসীর সাময়িক অসুবিধা হচ্ছে। কিছু কিছু সড়কে ময়লা-আবর্জনা আছে। এক সপ্তাহের মধ্যে সব ময়লা-আবর্জনা অপসারণ করা সম্ভব হবে। আর এ কাজে সিটি করপোরেশনের গাড়ি বা শ্রমিক ব্যবহারের সুযোগ নেই। তবে তেলের খরচ ঠিকাদার দেবেন—এমন শর্তে গাড়ি দেওয়া হয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য গতকাল মঙ্গলবার মেয়র আহসান হাবিবের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।