কাজ দেওয়া উচিত যোগ্যতার ভিত্তিতে, দলীয় আনুগত্যে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দুর্নীতি সমাজকে অনেক ক্ষতি করছে। দুর্নীতির কারণে নেওয়া সিদ্ধান্ত ও কর্মসূচি বাস্তবায়ন বিলম্বিত হয়। শুধু বিলম্বিত হয় না, অনেক সময় হয়ই না। একটি শব্দ, যেটি বিভিন্ন জায়গায় শুনতে পাওয়া যায়, দলীয়করণ। কাজ দেওয়া উচিত যোগ্যতার ভিত্তিতে, দলীয় আনুগত্যের ভিত্তিতে নয়।

আজ শনিবার গণফোরাম আয়োজিত ‘দুর্যোগপূর্ণ হাওরবাসীর পাশে দাঁড়ান’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন এসব কথা বলেন। এর আয়োজন হয় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
ড. কামাল হোসেন হাওরে সাম্প্রতিক অকালবন্যা ও মানুষের দুর্গতির বিষয়ে বলেন, হাওর এলাকায় যেসব কাজ হচ্ছে, এখানে দলীয় ভিত্তিতে যোগ্যতা যাচাই না করে যদি কাজ দেওয়া হয়, এ ধরনের জিনিস ঘটতে বাধ্য। তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলা হয়, কিছু সময় পার হওয়ার পর এটি ঝুলে যায়। কাজে পরিণত হয় না। কয়জনের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়? মূল যাঁরা দায়ী থাকেন, তাঁরা কিন্তু পার পেয়ে যান। তিনি আরও বলেন, ‘এগুলো আইনের শাসনের দুর্বলতা। কেননা আইনের শাসন যদি কার্যকরভাবে থাকে, দক্ষ প্রশাসনব্যবস্থা যদি থাকে, তখন যে দুর্নীতি করবে, সে চিহ্নিত হবে, তার তদন্ত হবে, বিচার হবে, শাস্তি হবে। “ম্যানেজ করার” যে একটা ধারণা সবার মধ্যে থাকে, এটা থেকে আমাদের অবশ্যই মুক্ত হওয়া দরকার।’
হাওরের দুর্ভোগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য বিষয়ে করা এক প্রশ্নে ড. কামাল হোসেন বলেন, ‘এটি একটি জাতীয় সংকট। জাতীয় সংকট মোকাবিলা করার জন্য প্রয়োজন হয় জাতীয় ঐক্য। এটিকে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে না বিচার করে পাল্টাপাল্টি দোষারোপ না করে সমস্যা চিহ্নিত করতে হবে। সব তথ্য একত্র করা দরকার। গঠনমূলক প্রস্তাব সামনে আনা দরকার এবং এই মানসিকতা নিয়ে বলা দরকার আসুন সবাই মিলে কীভাবে দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত এই মানুষকে বাঁচানো যায়। ওখানে ঐক্যবদ্ধ হয়ে গঠনমূলক প্রস্তাবগুলো এনে কীভাবে সমন্বয় করে কাজ করা যায়, এ বিষয়ে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত।’
অন্য এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, রাষ্ট্রের তিন অঙ্গ নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগ। তিনটির সমন্বয়ে কাজ হবে। সবার নির্দিষ্ট কাজ আছে। সবাই সমন্বয় করে চলবে। একে অন্যের লক্ষটা যেন অর্জন হয়, সে ব্যাপারে গঠনমূলক ভূমিকা রাখবে। এগুলো নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। এখন মাঝেমধ্যে যদি কোনো রকমের দ্বন্দ্ব এখানে সৃষ্টি হয়ে থাকলে তা সুরাহা হওয়া উচিত। কোনো ব্যাপারে যদি দ্বিমত থাকে, সেখানে আলাপ-আলোচনার মাধ্যমে একটা ঐকমত্য আসার চেষ্টা অবশ্যই করা উচিত।
সংবাদ সম্মলনে ড. কামাল হোসেনের লিখিত বক্তব্য তুলে ধরেন দলের প্রেসিডিয়াম সদস্য তবারক হোসেন। অন্যদের মধ্যে নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম খান কামাল, সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যের অংশবিশেষ
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, স্বাধীনতার পর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাঁধের দায়িত্ব গ্রহণ করে। পাউবো কখনো মাঘ মাসে বাঁধ মেরামতের কাজ সম্পন্ন করতে পারে না। টাকা বরাদ্দ, টেন্ডার করা, ঠিকাদার নিয়োগ, কার্যাদেশ প্রদান ইত্যাদি সম্পন্ন করে এবার চৈত্র মাসেও বাঁধের কাজ শুরু করতে পারেনি। এতে পাউবো কর্তৃপক্ষের দায়িত্ববোধ ও আন্তরিকতার অভাব ছিল বলে হাওর এলাকার জনগণের অভিযোগ। পুরো প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপে ঘুষ-দুর্নীতির প্রভাব রয়েছে বলে অভিযোগ রয়েছে।
গণফোরাম মনে করে, মাছের মড়কের প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে ভবিষ্যতে যাতে এ রকম মড়ক দেখা না দেয়, সে জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত।
লিখিত বক্তব্যে ১০টি দাবি তুলে ধরা হয়। যার মধ্যে হাওরবেষ্টিত জেলাগুলোকে দুর্গত এলাকা ঘোষণা করা এবং জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করার দাবি রয়েছে। দাবির মধ্যে আরও রয়েছে হাওরের বাঁধ নির্মাণ ও সংরক্ষণে দুর্নীতি শক্ত হাতে প্রতিরোধ, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি, বন্যারোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও নদী, খাল ও হাওর খনন, হাওরের জলমহালগুলোর ইজারা বাতিল করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সেখানে অবাধে মাছ ধরার সুযোগদান।