কাজ না করার পরও বিল পরিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদর উপজেলায় তিনটি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারকাজ না করার পরও সংশ্লিষ্ট ঠিকাদারদের সব বিল পরিশোধ করেছেন উপজেলা প্রকৌশলী শহীদুজ্জামান খান। তদন্ত প্রতিবেদন দাখিলের পর ১১ জুন শহীদুজ্জামানকে পিরোজপুরে বদলি করা হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিট বেজড প্রকল্পের আওতায় তিনটি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারকাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। এই কাজের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ২০১১-১২ অর্থবছরে সাত লাখ ২০ হাজার ৫৮৪ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কোনো কাজ না করেই বিল পরিশোধ করা হয়েছে—এমন অভিযোগ পাওয়ার পর গত ২৮ মে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে তদন্তে যান। এরপর তড়িঘড়ি করে বাকি কাজ সম্পন্ন করা হয়।ইউএনও আবদুল মতিন বলেন, কাটরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামতকাজের চুক্তিমূল্য এক লাখ ৬৮ হাজার ৫১৮ দশমিক ৬০ টাকা। সংশ্লিষ্ট ঠিকাদার মেসার্স রিপন এন্টারপ্রাইজকে গত ১৭ মে ওই বিল পরিশোধ করা হয়। কিন্তু পরিদর্শনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়টির বাইরের দেয়ালে শুধু চুনকাম করা হয়েছে। ভেতরে কোনো চুনকাম করা হয়নি; মেঝে মেরামত ও জলছাদ করা হয়নি।বড় ডোমড়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামতের প্রাক্কলিত মূল্য এক লাখ ৯৯ হাজার ৮৪১ টাকা। ওই বিদ্যালয়েও উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। কিন্তু ১৭ মে সংশ্লিষ্ট ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়। বাজুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারকাজের চুক্তিমূল্য এক লাখ ৮৩ হাজার ৭৩৫ টাকা। কিন্তু কোনো কাজ না করার পরও ১৭ মে সংশ্লিষ্ট ঠিকাদারকে ওই বিল পরিশোধ করা হয়।সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা কাজ যথাযথভাবে সম্পাদন করা হয়েছে মর্মে প্রত্যয়ন করার পর উপজেলা প্রকৌশলী মো. শহীদুজ্জামান খান, সহকারী প্রকৌশলী মিহির কুমার রায় ও উপসহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান এসব বিল পরিশোধের প্রত্যয়নপত্র দেন।গত ২৯ মে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে ওই তিন প্রকৌশলী এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ঠিকাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এরপর ১১ জুন উপজেলা প্রকৌশলী মো. শহীদুজ্জামানকে পটুয়াখালীতে বদলি করা হয়। উপজেলা প্রকৌশলী মো. শহীদুজ্জামান খান নিজের বদলি হওয়ার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদার একটু বিলম্ব করেছিল। তবে কাউকে ছাড় দেওয়া হয়নি। এই সামান্য টাকার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই।’