কাজ না করায় টাকা ফেরত দিতে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় টিআরের বরাদ্দ তুলে নিয়ে কাজ না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ১৪টি প্রকল্পের সভাপতিকে টাকা ফেরতের চিঠি দিয়েছেন। গত ২৯ ডিসেম্বর এ চিঠি দেওয়া হয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, গত এপ্রিল ও জুনে উপজেলায় ৯০ লাখ ২৮ হাজার নগদ টাকা এবং ৩২২ দশমিক ৭৩ টন গম বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ এস কে আবু বাকেরের অনুকূলে বিশেষ বরাদ্দ ৬৯ লাখ ৯৩ হাজার টাকা ও ৭২ টন গম, সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদা রহমানের অনুকূলে ২০ লাখ ৩৫ হাজার টাকা বিশেষ বরাদ্দ ও ২৫০ দশমিক ৭৩ টন গম সাধারণ বরাদ্দ দেওয়া হয়। এ বরাদ্দে মোট ৫০৮টি প্রকল্প তৈরি করা হয়। গত ৩০ জুনের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ দেখানো হয়েছে।ইউএনও অরুণ কুমার মণ্ডল জানান, বেশ কিছু প্রকল্পের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে উপজেলার ১৩ জন কর্মকর্তাকে দিয়ে প্রকল্পগুলো সরেজমিনে তদন্ত করানো হয়। এর মধ্যে পৌর এলাকা ও ১২টি ইউনিয়নে ১৭০টি প্রকল্পের নগদ টাকা ও গম উত্তোলন করা হলেও প্রকল্পগুলোর কোনো কাজই হয়নি বলে তদন্তে পাওয়া যায়। এসব প্রকল্পের সভাপতিদের কারণ দর্শাতে চিঠি দিয়েছেন পিআইও। কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁদের টাকা ফেরত দিতে তিনি চিঠি দিয়েছেন। এরপর বেশ কিছু প্রকল্পের কাজ মোটামুটি হয়েছে। কিন্তু ১৪টি প্রকল্পের কাজ একদম না করে পুরো টাকা আত্মসাৎ হয়েছে। এর মধ্যে ১০টি প্রকল্পের সভাপতিকে বরাদ্দের দ্বিগুণ টাকা ফেরত দিতে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া চারটি প্রকল্পের সভাপতিকে বরাদ্দকৃত টাকা ফেরত দিতে চিঠি দেওয়া হয়েছে।পিআইও সৈয়দ মো. আজিমউদ্দিন জানান, ১০টি প্রকল্পের সভাপতিকে আগেই বরাদ্দকৃত টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু টাকা ফেরত দেওয়ার নির্দিষ্ট সময় পার হওয়ায় এখন দ্বিগুণ টাকা ফেরত দিতে বলা হয়েছে।সাংসদ ফরিদা রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার বরাদ্দের প্রকল্পের কাজ ইউএনওকে সব সময় নজর রাখতে বলি। কাজ ঠিকমতো হচ্ছে কি না, তা দেখার জন্য পেছনে লোক লাগাই। এ জন্য আমার বরাদ্দের প্রকল্পের অধিকাংশের কাজের মান ভালো। তবে কোনোটির কাজ না হলে টাকা ফেরত নিতে ইউএনওকে বলেছি।’ সাংসদ এস কে আবু বাকের বলেন, ‘আমি তো বরাদ্দ দিয়ে ছেড়ে দিয়েছি। এগুলো দেখবে ইউএনও ও পিআইও। তাঁরা তদন্ত করুক, প্রয়োজনে মামলা দিক।’