কাজ না করে খাদ্যশস্য বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে টিআর প্রকল্পের সভাপতিদের বিরুদ্ধে খাদ্যশস্য বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এদিকে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রকল্পের সভাপতিদের জরুরিভিত্তিতে কাজ করার তাগাদা দিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের জন্য উপজেলার ভান্ডারবাড়ি ও গোসাইবাড়ি ইউনিয়নে ২৯ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। এই খাদ্যশস্য দিয়ে মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাস্তাঘাট উন্নয়নের কথা। কিন্তু ২৯টি প্রকল্প তৈরি করে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের প্রকল্প কমিটির সভাপতি ও সদস্য করা হয়। প্রকল্পের সভাপতি ও দলীয় নেতা-কর্মীরা প্রতিষ্ঠানের উন্নয়নকাজ না করেই খাদ্যশস্য বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেন। এতে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে গত আগস্টের প্রথম সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন। অভিযোগটি তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল হক ও সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম আবু রায়হানকে দায়িত্ব দেন ইউএনও। এই দুই কর্মকর্তা তদন্ত করে অভিযোগের সত্যতা পান এবং গত ২ সেপ্টেম্বর ইউএনওর কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে ইউএনওর নির্দেশে পিআইও আব্দুল্লাহেল কাফি প্রকল্পের সভাপতিদের ১৯ সেপ্টেম্বরের মধ্যে কাজ করার তাগদাপত্র দেন। নাম প্রকাশ না করার শর্তে এসব প্রকল্পের সভাপতি ও সদস্যরা বলছেন, ‘আমরা দলের স্থানীয় বড় নেতাদের অগ্রিম টাকা দিয়ে টিআর প্রকল্পের খাদ্যশস্য বরাদ্দ নিই। বিক্রির সময় সঠিক মূল্য পাওয়া যায় না। এ কারণে প্রকল্পের উন্নয়নকাজ করতে পারি না।’ কাদের অগ্রিম টাকা দিয়ে প্রকল্প বরাদ্দ নেওয়া হয় সে সম্পর্কে তাঁরা কিছু বলতে রাজি হননি। পারনাটাবাড়ি কবরস্থান সংস্কার প্রকল্পের সভাপতি খায়রুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের বড় নেতাদের কাছে টাকা পাই। এই টাকা পরিশোধ করতে তাঁরা আমার নামে এক মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দিয়েছেন। এই খাদ্যশস্য তাঁরাই বিক্রি করে আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছেন। এ কারণে আমি কবরস্থানের কাজ করতে পারিনি। এখন প্রশাসনের পক্ষ থেকে আমার নামে পত্র এসেছে।’ গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কলিমুদ্দিনকে সভাপতি করে খোকশাবাড়ি গ্রামের দুটি মসজিদের বিপরীতে দুই মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। সেই খাদ্যশস্য উত্তোলনের পর মসজিদের কোনো কাজ করা হয়নি। প্রকল্পের সভাপতি কলিমুদ্দিন বলেন, ‘আমি মসজিদের নামে টিআর প্রকল্পের কোনো খাদ্যশস্য তুলে বিক্রি করিনি। কে এই কাজ করছে তাও বলতে পারছি না। এখন প্রশাসন আমাকেই দায়ী করছে।’ টিআর প্রকল্পের তদন্তকারী কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম আবু রায়হান জানান, ইউএনওর নির্দেশে প্রকল্পগুলো তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইউএনও ফিরোজ শাহ বলেন, ‘প্রকল্পের সভাপতিদের ১৯ সেপ্টেম্বরের মধ্যে কাজ করার জন্য তাগাদাপত্র দিয়েছি। সময়সীমার মধ্যে কাজ না করলে তাঁদের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হবে।’