কাজ না করে টাকা উত্তোলন!
কক্সবাজারের মহেশখালী উপজেলায় স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি-২) অধীনে ১০টি প্রকল্পের বেশির ভাগ কাজ বাকি রেখে ভুয়া ভাউচার দেখিয়ে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাঠ পরিদর্শক সম্প্রতি সরেজমিন গিয়ে এ অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছেন। টাকা তোলার কারণ জানতে চেয়ে এসব প্রকল্পের চেয়ারম্যানদের চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে লোকাল গভর্নেন্স সার্পোট (এলজিএসপি-২) প্রকল্পের আওতায় উপজেলার আটটি ইউনিয়নে ৭০টি প্রকল্পের জন্য প্রায় এক কোটি পাঁচ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এসব প্রকল্পের মধ্যে ১০টি প্রকল্পের কাজ না করে ভুয়া ভাউচার দিয়ে গত ৩০ জুন টাকা উত্তোলন করেন প্রকল্পের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যরা। এলাকাবাসীসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, এসব প্রকল্পের অধীনে কাজের কাজ কিছুই হয়নি। সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে মূল সড়ক থেকে আবদুর রশিদের বাড়ি পর্যন্ত মাটি ও ব্রিক সলিংয়ের জন্য এলজিএসপি প্রকল্প-২ থেকে এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু প্রকল্পের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য রাহমত আলম কোনো কাজ না করে ওই টাকা উত্তোলন করেন। অভিযোগের জবাবে রাহমত আলম বলেন, ‘কয়েক দিনের মধ্যে কাজ শুরু করা হবে বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে জানিয়েছেন।’একই অবস্থা ছোট মহেশখালী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডেও। এখানকার দক্ষিণ নলবিলা রাহাজ্জানপাড়া ব্রিজ-সংলগ্ন গাইডওয়াল নির্মাণের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ শেষ না করেই গত ৩০ জুন সব টাকা উত্তোলন করে নেন প্রকল্পের চেয়ারম্যান ও ইউপি সদস্য ওচমান গনি। এ ব্যাপারে জানতে চাইলে ওচমান গনি প্রথম আলোকে বলেন, ‘টাকা ফেরত দেওয়ার জন্য ইউএনওর স্বাক্ষরিত একটি চিঠি পেয়ে আমি নিজেই হতবাক হয়েছি। এ নিয়ে আমি নিজেই উদ্বিগ্ন।’ তবে এ ব্যাপারে ছোট মহেশখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বলেন, ‘গ্রামীণ সড়কের অবকাঠামো উন্নয়নের জন্য স্থানীয় ইউপি সদস্যদের প্রকল্প দেওয়া হলেও তাঁরা সঠিকভাবে কাজ করেন না।’ এ নিয়ে কথা হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের মাঠ পরিদর্শক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি মাঠ পর্যায়ে গিয়ে বেশ কয়েকটি এলজিএসপি প্রকল্পের কাজ না করে প্রকল্পের চেয়ারম্যানদের টাকা উত্তোলনের ঘটনার সত্যতা পাওয়া গেছে।’ কাজ না করে টাকা উত্তোলনের সত্যতা নিশ্চিত করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘গত ২০ সেপ্টেম্বর টাকা ফেরত দেওয়ার জন্য ১০টি প্রকল্পের চেয়ারম্যানকে নোটিশ দেওয়া হয়েছে।’