কাজ না করে টিআরের ১৯ টন চাল আত্মসাৎ?
জামালপুরের সরিষাবাড়ীতে কাজ না করে ও ভুয়া প্রকল্প দেখিয়ে টেস্ট রিলিফের (টিআর) ১৯ মেট্রিক টন চাল প্রকল্প কমিটির সভাপতি ও একজন ইউপি চেয়ারম্যান আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২-১৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য ডোয়াইল ও ভাটারা ইউনিয়নে সাতটি প্রকল্পে ১৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি দুর্গা মন্দির উন্নয়ন প্রকল্পের জন্য তিন মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। মন্দির কমিটির সভাপতি হরে কৃষ্ণ বর্মণের অভিযোগ, প্রকল্পের সভাপতি কমল চন্দ্র বর্মণ কাজ না করে ওই চাল আত্মসাৎ করেছেন। কমল চন্দ্র বর্মণ বলেন, ‘মেম্বার আমার কাছ থেকে প্রকল্পের কাগজপত্রে সই নিয়েছেন। আমি আর কিছু জানি না।’
চার মেট্রিক টন চাল বরাদ্দ করা হয় রায়দেরপাড়া শামীম-শাহীন বাজারসংলগ্ন মসজিদ উন্নয়ন প্রকল্পের জন্য। প্রকল্প ও মসজিদ কমিটির সভাপতি মুনছুর আলীর অভিযোগ, ‘ডোয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ পারভেজ ওই চাল আত্মসাৎ করেছেন।’ ইউপি চেয়ারম্যান বলেন, ‘চাল বিক্রি করে টাকা রেখে দিয়েছি। পরে কাজ করব।’
চাঁপারকোনা বাজার উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ করা এক মেট্রিক টন চাল প্রকল্প সভাপতি ইউপি সদস্য হুমায়ূন কবীর খান উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। হুমায়ূন কবীর খান বলেন, ‘চাল উত্তোলন করে রেখে দিয়েছি। পরে কাজ করব।’ রায়দেরপাড়া হোসেন হাজির মসজিদ উন্নয়ন প্রকল্পের জন্য এক মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। মসজিদ কমিটির সভাপতি আবদুল হাই বলেন, প্রকল্প সভাপতি ও ইউপি সদস্য মহর আলী বরাদ্দ করা চাল আত্মসাৎ করেছেন। মহর আলী বলেন, ‘চার বছর আগে নির্বাচিত হয়েছি। কোনো কিছু পাইনি, তাই ওই চাল তুলে নিয়েছি।’
মাজালিয়া বাজারে গণশৌচাগার নির্মাণ প্রকল্পের জন্য দেওয়া এক মেট্রিক টন চাল প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য জান্নাতুল রেজুয়ান আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন বাজার কমিটির সভাপতি ফজলুল হক। জান্নাতুল রেজুয়ান চাল উত্তোলনের কথা স্বীকার করে বলেন, ‘পরে কাজ করব।’
ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের জন্য দুই মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার বেগম বলেন, ‘প্রকল্প সভাপতি ও ইউপি সদস্য মো. মনিরুজ্জামান কাজ না করে ওই চাল আত্মসাৎ করেছেন।’ তবে মো. মনিরুজ্জামানের দাবি, বিদ্যালয়ের সংস্কারকাজ করা হয়েছে।
পুকুরিয়া গ্রামের লেবু মিয়ার বাড়িতে হাফেজিয়া মাদ্রাসা না থাকলেও মাদ্রাসার নামে প্রকল্প দেখিয়ে প্রকল্প সভাপতি আবদুল মজিদ সাত মেট্রিক টন চাল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আবদুল মজিদ বলেন, ‘ওই চালের টাকা উত্তোলন করে ডিলার রাজু মিয়া নিয়ে গেছেন।’ রাজু মিয়া চালের টাকা তুলে নেওয়ার কথা স্বীকার করে বলেন, ওই টাকা একজন জনপ্রতিনিধিকে দেওয়া হয়েছে।
লেবু মিয়া বলেন, ১০-১২ বছর আগে মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়।
ডোয়াইল ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ বলেন, ‘বরাদ্দ করা চাল সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তাঁরা প্রকল্পের কাজ করেছে কি না, তা জানি না।’ ভাটারা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ খান বলেন, ‘এসব প্রকল্পের অনিয়ম-দুর্নীতি সম্পর্কে আমি কিছু জানি না।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৈয়দ মনিরুল হক বলেন, তদন্ত করে ব্যবস্থা নেবেন।