কাজ না করে ৮২ লাখ টাকা উত্তোলন!
কক্সবাজারের মহেশখালী পৌরসভার ১১টি উন্নয়ন প্রকল্পের কোনো কাজ না করে প্রায় ৮২ লাখ টাকার বিল তুলে নিয়ে গেলেন ঠিকাদারেরা। টাকা উত্তোলনে সাবেক ভারপ্রাপ্ত মেয়র সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে।গত বৃহস্পতিবার পৌরসভার বাজেট অধিবেশনে একটি শ্বেতপত্রে এসব অভিযোগ করা হয়। বিকেলে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে পৌরসভার বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট নিয়ে পৌর কর্তৃপক্ষ ম্যাগাজিন আকারে একটি বই বের করে। সেই বইয়ে পৌরসভায় কোনো কাজ না করে ১১টি প্রকল্পের প্রায় ৮২ লাখ টাকা আত্মসাতের হিসাব তুলে ধরা হয়। এতে বলা হয়, পৌরসভায় ২০০৮, ২০০৯ ও ২০১০ সালের ওই উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারেরা কোনো কাজ না করে বিল তুলে নিয়ে যান। আর ঠিকাদারদের নানা অনিয়ম ও দুর্নীতিতে সহযোগিতা করেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র পূর্ণ চন্দ্র দে। উপস্থিত পৌরবাসীর সামনে এসব তথ্য তুলে ধরেন পৌরসভার বর্তমান মেয়র মকছুদ মিয়া।দুটি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বাদশাহ মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি পৌরসভার কোনো কাজ করিনি। অথচ আমার প্রতিষ্ঠানের নামে কে বা কারা ১২ লাখ টাকার বিল তুলে নিয়েছে। এ নিয়ে আমি নিজেই উদ্বিগ্ন। এ নিয়ে পৌর কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করে মূল রহস্য উদ্ঘাটন করা হবে।’পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র পূর্ণ চন্দ্র দের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো দিন দুর্নীতিবাজ লোকদের প্রশ্রয় দিইনি।’মহেশখালী পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাইদুল আলম বলেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারদের তিনবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু নোটিশের প্রত্যুত্তরে মাত্র দুজন ঠিকাদার পুনরায় কাজ করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া বলেন, পৌরসভার টাকা আত্মসাতের অভিযোগ এনে পৌর কর্তৃপক্ষ মামলা করবে।