কাজ না করেই আট প্রকল্পের টাকা আত্মসাৎ!
কাজ না করেই মাদারগঞ্জ উপজেলার একটি ইউনিয়নে অতিদরিদ্রদের কর্মসৃজন কর্মসূচির আটটি প্রকল্পে বরাদ্দ দেওয়া প্রায় ৩১ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়নের শ্রমিক লীগের এক নেতা গত ২৫ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও জামালপুর জেলা প্রশাসকের কাছে ডাকযোগে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। কিন্তু আজও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের মার্চ মাসে মাদারগঞ্জ উপজেলায় কর্মসৃজন কর্মসূচির মোট ৬১টি প্রকল্পের বিপরীতে প্রায় চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৭ নম্বর সিধুলী ইউনিয়নে আটটি প্রকল্পের বিপরীতে ৩০ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। চলতি বছরের মার্চ মাসে কাজ শুরু করে ৪৫ দিনের মধ্যে তা শেষ হয়।প্রকল্পগুলো হচ্ছে কৃষ্ণপুর সেতু থেকে মদনগোপালের বারেকের বাড়ি, সদরাবাড়ীর রেয়াজের দোকান থেকে সদরাবাড়ীর নাসির মেম্বারের বাড়ি, দক্ষিণ হাটবাড়ীর জালালের বাড়ি থেকে মাহমুদপুরের সুরুজের বাড়ি হয়ে গিয়াসউদ্দিন নিম্নমাধ্যমিক বিদ্যালয় ভায়া হাটবাড়ীর জহুরের বাড়ি পর্যন্ত, চরলোটাবরের ছৈয়মের বাড়ি থেকে ওসমানের বাড়ি পর্যন্ত, ভাটিয়ানি মধ্যপাড়ার হালিম মেম্বারের বাড়ির কাছ থেকে আনারের বাড়ির ঘাট পর্যন্ত, ভাটিয়ানি উত্তরপাড়া ঘাট থেকে ভাবকী শ্যামগঞ্জের সুরুজের দোকান পর্যন্ত রাস্তা মেরামত এবং হাটবাড়ী আবুল হোসেন রেজি. বেসরকারি বিদ্যালয় ও মোজাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট।সিধুলী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম ওরফে মনোহর আলী অভিযোগ করে বলেন, ওই আটটি প্রকল্পের রাস্তা সংস্কার এবং মাঠ ভরাট না করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাল উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং এসব প্রকল্পের সভাপতি রাফিউল ইসলাম ও সচিব মো. মাহবুবুল বাশির টাকা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি তিনি ঢাকায় দুদকের চেয়ারম্যান ও জামালপুরের জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছেন।সরেজমিনে মোজাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট এবং ভাটিয়ানি উত্তরপাড়া ঘাট থেকে ভাবকী শ্যামগঞ্জের সুরুজের দোকান পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্প ছাড়া বাকি প্রকল্পের এলাকায় গিয়ে দেখা যায়, এই ছয় প্রকল্পের আওতায় এলাকায় কোনো কাজ হয়নি।এই আট প্রকল্পের সভাপতি ও ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. রাফিউল ইসলাম বলেন, ‘প্রকল্পের কাজ ভালো না খারাপ হয়েছে, তা আমি বলব না। তবে বহুবিধ কারণের জন্য মাস্টার-রোলে স্বাক্ষর করতে হয়েছে।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর আলম কোনো প্রকল্পের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই দাবি করে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলতেও পারব না।’ওই প্রকল্পগুলোর সচিব এবং সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল বাশির বলেন, মাটিকাটা ভালো না হলে তো বিল পাওয়ার কথা নয়।মাদারগঞ্জ উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলাল উদ্দিন বলেন, ‘মাটিকাটা ভালো হয়েছে বলেই তো বিল পাস করে দিয়েছি। তা না হলে বিলই দিতাম না।’মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শওকত হোসেন বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখব এবং খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে।’