কাজ না করেই কর্মসৃজনের টাকা উত্তোলন
রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকায় স্থান পেয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের দুই কর্মচারী, গ্রামপুলিশ সদস্যদের স্ত্রী-সন্তান ও আনসার সদস্যসহ ৪২ জনের নাম।
অভিযোগ রয়েছে, এঁরা কাজ না করেই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বদরগঞ্জ শাখা থেকে কর্মসৃজনের টাকা দুই বছর ধরে নিয়মিত তুলছেন।
এ ছাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক ইচ্ছেমতো শ্রমিকদের নির্ধারিত প্রকল্পের বাইরে কাজ করাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দুই বছর আগে পিআইও কার্যালয়ের কর্মচারী মশিউর রহমান (৫০) ও আইয়ুব আলীর (৪৮) নাম ওই ইউনিয়নের কর্মসৃজনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা কেউই ওই ইউনিয়নের বাসিন্দা নন। মশিউর রহমান পিআইওর কার্যালয়ের নথিপত্র সংরক্ষণসহ যাবতীয় কাজ করেন। তাঁর বাড়ি বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নে৷ আইয়ুব আলী ওই কার্যালয়ের অফিস সহকারী (পিয়ন)। তাঁর বাড়ি বিষ্ণুপুর ইউনিয়নে। এ ছাড়া দামোদরপুর ইউনিয়নের ১৬ জন গ্রামপুলিশ সদস্যের স্ত্রী-সন্তান এবং ২৪ জন আনসার সদস্যের নাম কর্মসৃজনে তালিকাভুক্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, এঁরা কেউই শ্রমিক হিসেবে প্রকল্পের কাজ করেন না। অথচ দুই বছর ধরে সবাই টাকা উত্তোলন করছেন।
ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন জানান, তাঁর ওয়ার্ডে ৫১ জন শ্রমিকের নাম কর্মসৃজনের তালিকায় রয়েছে। কিন্তু কাজ করছেন ৪৫ জন। ছয়জন কাজ না করে নিয়মিত টাকা উত্তোলন করছেন। এঁরা হলেন উপজেলা পিআইও কার্যালয়ের কর্মচারী আইয়ুব আলী ও মশিউর রহমান, দামোদরপুর ইউনিয়নের গ্রামপুলিশ সদস্য আবদুস সামাদের স্ত্রী মোসলেমা বেগম, পুষ্প চন্দ্রের ছেলে অমূল্য চন্দ্র, আনসার সদস্য আবদুর রহমান ও আবদুল মান্নান।
বিষয়টি স্বীকার করেছেন পিআইও মিজানুর রহমান ও দামোদরপুর ইউপি চেয়ারম্যান আজিজুল হক। পিআইও মিজানুর রহমান বলেন, ‘আমার কার্যালয়ের দুই কর্মচারীসহ গ্রামপুলিশ ও আনসার সদস্যদের নাম দুই বছর আগে কর্মসৃজনের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন আগের পিআইও।’ তাহলে জেনেও ব্যবস্থা নিচ্ছেন না কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যবস্থা নিতে হবে।’
ইউপি চেয়ারম্যান আজিজুল হক বলেন, ‘কর্মসৃজনের তালিকায় গ্রামপুলিশের স্ত্রী-সন্তান ও আনসার সদস্যদের নাম দেওয়া হয়েছে পিআইওর সঙ্গে আলোচনা করে। এটা ঠিক যে তাঁরা কাজ করেন না। তবে পিআইও কার্যালয়ের দুই কর্মচারীর নাম তালিকায় থাকার বিষয়টি আমার জানা নেই।’
বদরগঞ্জের ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বললেন, ‘অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই পিআইও ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে জবাবদিহি করতে হবে।’
গত শনিবার সকাল ১০টার দিকে দামোদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসমতপাড়া মোড় থেকে পঞ্চায়েতপাড়া পর্যন্ত কাঁচা রাস্তায় মাটি ভরাট প্রকল্পে নিয়োজিত কর্মসৃজনের ৬২ জন শ্রমিকের কাউকে পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের দেওয়া তথ্যানুযায়ী, সেখান থেকে দুই কিলোমিটার দূরে চটকুপাড়ার কাছে চিকলী নদীতে যাতায়াতের সড়কে তাদের মাটি ভরাট করতে দেখা যায়।
এ ব্যাপারে ওই প্রকল্পের সভাপতি বিপুল রায় বলেন, ‘নদীতে যাতায়াতের সড়ক প্রকল্পের মধ্যে নেই। কিন্তু ইউপি চেয়ারম্যানের নির্দেশে নির্ধারিত প্রকল্পের বাইরে মাটি কাটা হচ্ছে।’ আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁর প্রকল্পে ৬২ জন শ্রমিকের মধ্যে আটজন কাজ না করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করছেন। এই আটজনের মধ্যে তিনজন গ্রামপুলিশ সদস্যের স্ত্রী, একজন মুক্তিযোদ্ধা ও চারজন আনসার সদস্য।
এ ব্যাপারে পিআইও মিজানুর রহমান বলেন, কর্মসৃজনের শ্রমিক দিয়ে প্রকল্পের বাইরে অন্য স্থানে মাটি ভরাট করা অবৈধ।