রাজবাড়ী সদর হাসপাতাল ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের কাজ আট বছরেও শেষ হয়নি। প্রায় ৬০ ভাগ কাজ শেষ করে ঠিকাদার ইতিমধ্যে প্রায় সব টাকা তুলে নিয়েছেন।
পুরো কাজ শেষ না হওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম।
স্বাস্থ্য প্রকৌশল বিভাগ ফরিদপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, হাসপাতালের মূল দোতলা ভবন তৃতীয় তলায় সম্প্রসারণ, একটি আধুনিক অস্ত্রোপচারকক্ষ, একটি একতলা আবাসিক কোয়ার্টার, একটি দোতলা কোয়ার্টার, একটি মর্গ, প্রশাসনিক ভবন একতলা থেকে দোতলায় উন্নীত করা, হাসপাতালের অন্যান্য ভবন সংস্কার, একটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ ও হাসপাতালের ভেতরের সড়ক নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়।
পাঁচ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার এই কাজ পায় ঢাকার মিরপুরের শফিক আহমেদের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স টিইপিএল-আইবিজেভি। ২০১০ সালের ১৮ আগস্ট কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী ২০১১ সালের ১৫ ডিসেম্বর কাজ শেষ করার কথা। দুবার সময় বাড়ানোর আবেদন করে ২০১২ সালের ১৯ মে পর্যন্ত সময় নেন ঠিকাদার। যথাসময়ে কাজ শেষ না করায় গত ২৭ মে কার্যাদেশ কেন বাতিল করা হবে না, এই ব্যাপারে সতর্ক করে নির্বাহী প্রকৌশলী চূড়ান্তভাবে ঠিকাদারকে লিখিতভাবে জানান। ৯ জুলাই কাজের চুক্তি বাতিলের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত সুপারিশ করেছে ফরিদপুর কার্যালয়। ইতিমধ্যে পাঁচ কোটি ২৯ লাখ টাকা তুলে নিয়েছেন ঠিকাদার।
এর আগে ২০০৫ সালে হাসপাতালের সম্প্রসারণ ও অবকাঠামো তৈরির এই কাজ পায় বিএনপির নেতা নাছির উদ্দিন আহমেদ পিন্টুর প্রতিষ্ঠান মেসার্স আশা এন্টারপ্রাইজ। কিন্তু কাজ ২০ থেকে ২৫ শতাংশ শেষ করার পর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় কাজ বন্ধ হয়ে যায়। এরপর কাজের চুক্তিপত্র বাতিল করে দেওয়া হয়।
সিভিল সার্জন নুরুল আমিন জানান, ঠিকাদার কোনো কাজই ঠিকমতো শেষ করেননি। এ পর্যন্ত প্রায় ৬০ ভাগ কাজ হয়েছে। লেবার ওয়ার্ড, ডায়রিয়া ওয়ার্ড ও দোতলার অস্ত্রোপচারকক্ষের কাজ শুরুই হয়নি। মূল ভবনের অর্ধেক কাজ পড়ে আছে। এসব বিষয়ে লিখিত ও মৌখিকভাবে অনেকবার জানানো হলেও আমলে নেননি ঠিকাদার। এ ব্যাপারে ঠিকাদার শফিক আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া গেছে।
স্বাস্থ্য প্রকৌশল বিভাগ ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী দুলাল চন্দ্র সরকার জানান, কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে অসংখ্যবার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু ঠিকাদার কোনো কিছু আমলে না নিয়ে তাঁর খেয়াল-খুশিমতো কাজ করে কাউকে না জানিয়েই চলে যান। ঠিকাদার ৬০ ভাগ কাজ শেষ করলেও তাঁকে ৯০ ভাগ কাজ করার ছাড়পত্র দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, ৯০ ভাগ কাজই হয়েছে।