কাজ না করেই বরাদ্দ আত্মসাৎ
কোনো কাজ না করেই নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) একটি প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া পাঁচ টন চাল আত্মসাৎ করা হয়েছে। প্রকল্পের সভাপতি গুদাম থেকে চাল তুলে তা বিক্রি করে টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় একই রাস্তা সংস্কার করা হয়েছিল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, গত জুন মাসে নড়াইল-২ আসনের সাংসদ এস কে আবু বাকেরের অনুকূলে লোহাগড়া উপজেলায় টিআরের ১৫টি প্রকল্পের বিপরীতে ৬৯ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ইতনার রমজানের বাড়ি থেকে ইলিয়াসের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের প্রকল্পে পাঁচ টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প কমিটির সভাপতি ইতনা গ্রামের ইলিয়াস বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মান্নাফ মোল্লা। ইলিয়াস জুন মাসে চাল তুলে নিয়ে গেছেন।
সরেজমিনে দেখা গেছে, ইতনা বন্যানিয়ন্ত্রণ বাঁধের উত্তর পাশে পাকা সড়ক। এর পূর্ব পাশে দেড় শ ফুট দীর্ঘ কাঁচা রাস্তা। টিআরের বরাদ্দ দিয়ে এ রাস্তাই সংস্কার করার কথা ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, গত এপ্রিল-মে মাসে এ রাস্তায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজ হয়েছে।
প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক মান্নাফ মোল্লা জানান, প্রকল্প কমিটিতে থাকার কথা তাঁরা শুনেছেন, কিন্তু কিছুই জানেন না।
ওই রাস্তার পাশেই প্রকল্প কমিটির সভাপতি ইলিয়াস বিশ্বাসের বাড়ি। তাঁকে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর মা তহমিনা বেগম বলেন, ‘এ রাস্তায় বৈশাখ মাসে (এপ্রিল-মে) ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ হয়েছে। তারপর কোনো কাজ হয়নি।’
কর্মসংস্থান কর্মসূচির মাঠ পরিদর্শক শাহ আলম জানান, কয়েক মাস আগে ওই রাস্তায় কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের দিয়ে কাজ করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৈয়দ মোহাম্মদ আজিমুদ্দিন জানান, প্রকল্পের সভাপতি ২৬ জুন পাঁচ টন চাল গুদাম থেকে উঠিয়ে নিয়ে গেছেন। সেখানে কাজ না হওয়ার বিষয়টি তিনি জানেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান বলেন, ‘আপনার কাছ থেকে প্রথম বিষয়টি জানতে পারলাম। এ ধরনের দুর্নীতি মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’