কাজ না করেই বিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪৭টি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের জন্য ৩০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু অধিকাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা মেরামতকাজ না করে বিল পাস করিয়ে নিয়েছেন। এতে বিদ্যালয়গুলোতে আর কাজ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ‘ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত টাকা ৩০ জুনের মধ্যে না তোলা হলে তা বাতিল হয়ে যাবে। এ কারণে টাকাগুলো তুলে শিক্ষা কার্যালয়ের হিসাবে জমা রাখা হয়েছে। ১০-১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ কাজগুলো সম্পন্ন করে ফেলবে।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের জন্য শিক্ষা অধিদপ্তর থেকে ৩০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়। এসব কাজ তদারক করবেন উপজেলা প্রকৌশল বিভাগ এবং প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা। কিন্তু বরাদ্দ পাওয়া অধিকাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা কাজ না করেই বিল-ভাউচার দাখিল করেন। আর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তারা কাজ হয়েছে মর্মে বিল দেওয়ার সুপারিশ করেছেন। এরপর হিসাবরক্ষণ কার্যালয় থেকে এসব বিল পাস করা হয়। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেন জানান, উপজেলা প্রকৌশলী এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজ হয়েছে মর্মে নিশ্চিত করার পর হিসাবরক্ষণ কার্যালয় থেকে ৩০ জুন ৪৭টি বিদ্যালয়ের ১৪ লাখ ১০ হাজার টাকার বিল পাস করা হয়। কাজ তদারকির দায়িত্ব ওই দুই কার্যালয়ের। পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসিন, নাফিতের চর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পূর্ব গাইয়ার চর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঊর্মেশ ও উত্তর গাইয়ার চর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন গত সোমবার জানান, দু-এক দিনের মধ্যে মেরামতের কাজ শুরু করা হবে। জুন ক্লোজিংয়ের কারণে অগ্রিম ভাউচার দিয়ে বিল পাস করে নেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব বলেন, ক্ষুদ্র মেরামতের বরাদ্দ ফেব্রুয়ারি-মার্চে দেওয়া হলে মানসম্পন্ন কাজ করা যায়। কিন্তু বরাদ্দগুলো আসে জুনের শেষ দিকে। তখন কাজ করার সময় থাকে না। তাই ভাউচার দিয়ে বিল পাস করতে প্রধান শিক্ষকেরা বাধ্য হন। উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘আমি এখানে কয়েক দিন যাবৎ অতিরিক্ত দায়িত্বে আছি। বিষয়টি সম্পর্কে কিছু জানি না। খোঁজ নিয়ে দেখব।’