কর্মসংস্থান প্রকল্পের রাস্তায় কাজ না করে ৭২ জন শ্রমিক কাজ করেছেন বলে ১৬টি খালি বিল-ভাউচারে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারীর বিরুদ্ধে ওই ইউপির সদস্য মরিয়ম বেগমের স্বামী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
৫ মার্চ ইউপি সদস্যের স্বামী ইউছুফ আলী ইউএনওর কাছে এ অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ওই চেয়ারম্যান কয়েকটি প্রকল্পে উন্নয়নমূলক কাজ না করেই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মরিয়ম বেগমকে ব্যাংকের চেকে স্বাক্ষর করতে বলেন। চেকে স্বাক্ষর না করায় তাঁকে ও তাঁর স্বামীকে হুমকি দেওয়া হয়। স্বাক্ষর না করায় তিনি ক্ষিপ্ত হয়ে আগামী ৫ বছর কোনো কাজ না দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন। নাছির উদ্দিন বেপারী ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
অভিযোগে আরও বলা হয়েছে, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাহজাহান মেম্বারের বাড়ির ইটের সলিং, কাঠের পুলের পাশে প্যালাসাইটিং ও ১ নম্বর ওয়ার্ডের বেড়িখালের রাস্তায় অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান প্রকল্পের মাটি কাটার বিলে স্বাক্ষর করার জন্য মরিয়ম বেগমকে চাপ দেওয়া হয়। বাস্তবে এসব প্রকল্পে কোনো উন্নয়নকাজ হয়নি। এ ছাড়া মরিয়মকে ভুল বুঝিয়ে ১ নম্বর ওয়ার্ডের বেড়িখালের রাস্তায় ৭২ জন শ্রমিক কাজ করেছে বলে ১৬টি খালি বিল-ভাউচারে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। চেয়ারম্যান ও তাঁর ছেলে ফারুক হোসেন কয়েক দিন ধরে মরিয়ম ও তাঁর স্বামীকে ভয়ভীতি দেখাচ্ছেন।
গত সোমবার ওই তিনটি প্রকল্পস্থলে গিয়ে কোনো শ্রমিককে কাজ করতে দেখা যায়নি। অল্প কিছু মাটি কাটার কাজ হয়েছে।
ইউপি সদস্য মরিয়ম বেগম বলেন, ‘ইউপি চেয়ারম্যান আমাকে গোপনে তিনটি প্রকল্পের চেয়ারম্যান বানিয়েছেন টাকা আত্মাসাৎ করার জন্য। তিনি ১৬টি খালি বিল-ভাউচারে জোর করে স্বাক্ষর নিয়েছেন। এখন চেকে স্বাক্ষর করার জন্য হুমকি দিচ্ছেন।’
দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারী বলেন, জোর করে কোনো স্বাক্ষর নেওয়া হয়নি। ইউপি সদস্যের স্বামী প্রকল্পের কাজ শেষ করার আগে টাকা দাবি করেন। টাকা না দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে তিনি মিথ্যা অভিযোগ করেন।
জানতে চাইলে গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী রায় বলেন, ইউপি সদস্য মরিয়ম বেগমের স্বামী একটি লিখিত অভিযোগ করেছেন। দুএক দিনের মধ্যে তদন্ত করা হবে। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।