কাজ না করেই বিল পেলেন দুই ঠিকাদার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় একটি সড়ক পাকা না করে ও একটি কালভার্ট সংস্কার না করেই দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় সাড়ে সাত লাখ টাকা তুলে নিয়েছে। কাজ না করেই এলজিইডির কতিপয় কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে তারা পুরো বিল পেয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই লাখ ৪৬ হাজার টাকায় বোয়ালখালী (পিডিবি অফিস)-থানা বাজার রাস্তাটি পাকা করার জন্য ২০০৮ সালের ৭ জানুয়ারি মেসার্স সিবলী এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। গতকাল শনিবার গিয়ে দেখা গেছে, ইটের সলিং করা ওই রাস্তাটি এখনো পাকা করা হয়নি। কিন্তু এলজিইডি কর্তৃপক্ষ ঠিকাদারকে পুরো বিল পরিশোধ করেছে। এলজিইডি, খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী ২০০৮ সালের ১৬ অক্টোবর একটি নামমাত্র তদন্ত করে ২০ অক্টোবর ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে এক নোটিশে উল্লেখ করেন, ‘রাস্তাটির এক হাজার ১৯৯ মিটারের মধ্যে আপনি ৭০১ দশমিক ৫০ মিটারের কাজ করেছেন। অবশিষ্ট ৪৯৭ দশমিক ৫০ মিটারের কাজ করা হয়নি। ৩০ নভেম্বরের মধ্যে বাকি কাজ শেষ করার জন্য বলা হলো, অন্যথায় কাজের জামানত বাতিল করা হবে।’ কিন্তু এলাকাবাসীর অভিযোগ, সেখানে রাস্তার কোনো কাজই করা হয়নি। বাবুছড়া-মনোরথ তালুকদারপাড়া সড়কে সাড়ে পাঁচ লাখ টাকায় একটি কালভার্ট সংস্কারে ২০০৮ সালের ৭ জানুয়ারি দীঘিনালা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও কালভার্টটি সংস্কার না করে বিল তুলে নেয়। কালভার্টটি গত ৭ আগস্ট ধসে পড়ে। বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ চাকমা বলেন, ‘কালভার্টটি সংস্কার করা হয়নি বলে বিল না দেওয়ার জন্য তখন আমি এলজিইডি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলাম; কিন্তু কোনো কাজ হয়নি। সংস্কার না করায় কালভার্টটি ধসে গেছে।’ রাস্তার কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান সিবলী এন্টারপ্রাইজের পরিচালক সুগত চাকমা বলেন, ‘আমরা এলজিইডি কর্তৃপক্ষের নির্দেশনামতো কাজ করেছি। এখানে আমাদের কোনো দোষ নেই, কাজটি অন্য জায়গায় বাস্তবায়ন করা হয়েছে। কালভার্টের কাজ পাওয়া মেসার্স দীঘিনালা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু তালেব মেম্বারের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।’ উপজেলা প্রকৌশলী সাইদুল্লাহ মিয়া বলেন, ‘বিষয়গুলো সম্পর্কে জানা নেই, কাজগুলো হয়েছে আমি এখানে যোগদান করার আগে।’ তিনি বলেন, ‘স্যার (এলজিইডি, খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ) এখন বিদেশে আছেন, দেশে এলে এ বিষয়ে স্যারের সঙ্গে আলাপ করতে পারেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান মিঞা বলেন, ‘রাস্তা ও কালভার্টের কাজ করা হয়নি সত্য। রাস্তা উন্নয়নের কাজ না করে বিল উত্তোলনের বিষয়টি আমার কাছে তদন্তাধীন। শিগগিরই তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়া হবে।’