কাজ না করেই ভুয়া মাদ্রাসার নামে বিল উত্তোলন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় একটি মাদ্রাসায় আসবাব সরবরাহ না করেই ৭৫ হাজার টাকার বিল তুলে নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে সংশ্লিষ্ট মাদ্রাসা সুপারের সিল, সই জাল এবং অস্তিত্বহীন একটি মাদ্রাসার প্যাড ব্যবহার করে এ বিল তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে, চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এলজিইডি রশিকনগর দাখিল মাদ্রাসায় ২০ জোড়া বেঞ্চ সরবরাহের জন্য একটি প্রকল্প গ্রহণ করে। প্রকল্পের চেয়ারম্যান করা হয় ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের সদস্য মো. রেজাউল করিমকে। কিন্তু চেয়ারম্যান প্রকল্প বাস্তবায়ন না করেই রশিকনগর দাখিল মাদ্রাসার সুপার আজিজুল ইসলামের সই জাল করে মধ্য বোয়ালখালী দাখিল মাদ্রাসার নামে প্যাড ও সিল ব্যবহার করে এলজিইডির কর্তৃপক্ষের যোগসাজশে বিল তুলে নেন। দুই কিস্তিতে গত ২৪ ফেব্রুয়ারি ও ১৩ মে এ বিল দেওয়া হয়। রশিকনগর দাখিল মাদ্রাসার সুপার আজিজুল ইসলাম বলেন, ‘আমার প্রতিষ্ঠানে কোনো বেঞ্চ সরবরাহ করা হয়নি। বরং এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে আমার প্রতিষ্ঠানের কোড ব্যবহার করে মধ্য বোয়ালখালী দাখিল মাদ্রাসার নামে প্যাড ও সিল বানিয়ে বিল তুলে নেওয়া হয়েছে। সেখানে আমার সইও জাল করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেছি।’ প্রকল্প চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘আমি নিয়মনীতি মেনেই প্রকল্প বাস্তবায়ন করে বিল তুলেছি। জাল কাগজপত্র সম্পর্কে আমি কিছু জানি না।’ ইউএনও মো. মনিরুজ্জামান মিয়া বলেন, ‘বিষয়টি মাদ্রাসা সুপার আমাকে জানিয়েছেন। আর যে মাদ্রাসার নামে বিল তোলা হয়েছে, সে নামে উপজেলায় কোনো মাদ্রাসা নেই। এ ব্যাপারে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেব।’ এলজিইডির উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সাইদুল্লাহ মিয়া বলেন, ‘সব কাজ আমি দেখাশোনা করতে পারি না। কেউ ভুয়া কাগজপত্র দাখিল করে বিল তুলে নিলে সেই দায়দায়িত্ব আমার নয়।’