কাজ না করেই ১৩ প্রকল্পের ৫৪ লাখ টাকা আত্মসাৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা সেচ অবকাঠামো মেরামত ও সংরক্ষণ প্রকল্পের প্রায় ৫৪ লাখ টাকা ভাগাভাগি করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলজিইডির উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সেচ অবকাঠামো মেরামত ও সংরক্ষণ প্রকল্পে ২০১২-১৩ অর্থবছরে গৌরনদী উপজেলার মাহিলাড়া, নলচিড়া ও সরিকল ইউনিয়নে ১৩টি প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৫৩ লাখ ৮৯ হাজার টাকা। চলতি বছরের মে ও জুন মাসে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা রওশন আখতার জানান, সংশ্লিষ্ট ইউনিয়নের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে। কিন্তু সবগুলো সমিতি ও কমিটি অননুমোদিত। তিনটি ইউনিয়নের সমিতিতে এক হাজার ৬২ জন সুবিধাভোগী সদস্যের নাম দেখানো হয়েছে। এর মধ্যে মাহিলাড়ায় ৪০৬ জন, নলচিড়ায় ৩৮৬ জন ও সরিকল ইউনিয়ন কমিটিতে ২৭০ জনের নাম ব্যবহার করা হলেও তাঁরা কেউই প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না।
এসব প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রকল্প এলাকার লোকজন ও সমিতির সুবিধাভোগী সদস্যরা অভিযোগ করেন, সরকারদলীয় কয়েকজন নেতা-কর্মী মনগড়া নাম ব্যবহার করে ও ভুয়া সংগঠন দেখিয়ে প্রকল্পের নামে বরাদ্দ সব টাকা এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে ভাগাভাগি করে আত্মসাৎ করেছেন।
উপজেলা এলজিইডি দপ্তর জানায়, মাহিলাড়া ইউনিয়নের বেজহার ও মধ্য বেজহার খাল খনন কাজ করেছেন মাহিলাড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং যুবলীগের উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন।
সরেজমিনে প্রকল্প এলাকার কোথাও খাল কাটার কোনো চিহ্ন দেখা যায়নি। এখানকার সমিতির সুবিধাভোগী সদস্য সহিদুল ইসলাম, কাওছার আলীসহ কয়েকজন জানান, ৪০৬ জনকে সমিতির তালিকাভুক্ত সদস্য দেখানো হলেও তাঁরা কেউই ওই প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না।
আনোয়ার হোসেন ও কামাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কোনো দুর্নীতি করিনি। সঠিকভাবে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।’
উত্তর বেজহার খাল ও কাসেমাবাদ খাল খনন প্রকল্পের কাজ করেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আল আমিন, খোকন মল্লিক, জামাল হোসেন, মুন্না খলিফা, সেলিম মৃধা ও লাভলু। সরেজমিনে এ প্রকল্পেরও কোনো কাজের চিহ্ন দেখা যায়নি।
আল আমিন, খোকন মল্লিক, জামাল হোসেন, মুন্না খলিফা, সেলিম মৃধা ও লাভলু অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে জানান, সঠিকভাবে কাজ হয়েছে।
নলচিড়া ইউনিয়নের পিংলাকাঠি গ্রামে জলকপাট (স্লুইসগেট) মেরামতের প্রকল্প বাস্তবায়ন করেছেন আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সভাপতি এস এম শাহজাহান কবীর, কুতুবপুর জলকপাট সংস্কার করেছেন সহসভাপতি সুশীল করাতি। সরেজমিনে এগুলোরও কোনো সংস্কারকাজ হয়েছে এমনটা চোখে পড়েনি। অনুরুপ সবগুলো প্রকল্পের একই অবস্থা।
এস এম শাহজাহান কবীর ও সুশীল করাতি জানান, তাঁদের বিরুদ্ধে প্রতিপক্ষ মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।
উপজেলা প্রকৌশলী দিপুল কুমার দাস টাকা ভাগাভাগির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার জানামতে অভিযোগের সত্যতা নেই। ৪০ শতাংশ বিল পরিশোধ করা হয়েছে, বাকি বিল প্রক্রিয়াধীন আছে।’ তবে নাম প্রকাশ না করার শর্তে একজন উপসহকারী প্রকৌশলী জানান, ৩০ জুন তৃতীয় চলতি বিল হিসাবে ৯৯ শতাংশ বিল পরিশোধ করা হয়েছে।
এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন খান বলেন, ‘কোনো অভিযোগ পাইনি, পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’