কাজ না করেও টাকা পেলেন ঠিকাদারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের ভেতর দিয়ে প্রবাহিত শ্যামাসুন্দরী খালের কিছু অংশের কাজ না করার পরও দুজন ঠিকাদারদকে টাকা দিয়েছে এলজিইডি। সেই সঙ্গে দরপত্র অনুযায়ী পুরো কাজ না করেই প্রকল্পটির সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের কেল্লাবন্দ সিও বাজার এলাকা থেকে শহরের মাহিগঞ্জের পাটবাড়ী পর্যন্ত ১২ কিলোমিটার শ্যামাসুন্দরী খালটি সংস্কার, খালের ওপর সেতু নির্মাণ ও খাল খননের জন্য ২৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সাবেক পৌরসভা দরপত্র আহ্বান করে। অল্প কিছুদিন কাজ চলার পর প্রকল্পটি স্থানীয় সরকার অধিদপ্তরের (এলজিইডি) কাছে হস্তান্তর করা হয়। দরপত্র অনুযায়ী খালের দুই পাড়ে সিমেন্টের বোল্ডার বসানো, খালের দুই পাশে পাঁচ ফুট প্রস্থের ফুটপাত নির্মাণ, খাল খনন ও খালের ওপর তিনটি সেতু নির্মাণের কথা। এ জন্য পাড় সংরক্ষণ বাবদ প্রায় ২০ কোটি টাকা, খাল খনন এবং খালের ওপর নতুন করে তিনটি সেতু নির্মাণ ও একটি সেতু সংস্কার বাবদ ৪ কোটি টাকা ৮০ লাখ টাকা ব্যয় ধরা হয়।
খালের পাড় নির্মাণের জন্য শামীম খান, সার্দুল হোসেন, শফিকুল ইসলাম ও হাবিবুর রহমান নামে চারজন ঠিকাদারের কাজ করার কথা। আর খাল খননের জন্য ঠিকাদার হলেন এমদাদুল হোসেন ও সেতু নির্মাণের ঠিকাদার খায়রুল কবির। খাল খনন ও খালের ওপর সেতু নির্মাণ শেষ হলেও খালের পাড় সংরক্ষণের পুরো কাজ শেষ হয়নি।
খালের সদর হাসপাতালের পেছন থেকে গোমস্তাপাড়া হয়ে গ্র্যান্ড হোটেল মোড় পর্যন্ত তিন কিলোমিটার কোনো কাজ করা হয়নি। এই অংশটুকুতে খালের পাড় সংরক্ষণে ব্যয় ধরা হয় প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।
ওই এলাকায় সরেজমিনে দেখা গেছে, সেখানে সিমেন্টের তৈরি বোল্ডার দিয়ে খালের পাড় নির্মাণ এবং খালের দুই পাশে পায়ে হাঁটার জন্য পাঁচ ফুট প্রস্থের ফুটপাত নির্মাণের কথা থাকলেও তা করা হয়নি। পাড় বাঁধাই করতে কোথাও বোল্ডারও দেখা যায়নি।
রংপুর এলজিইডি কার্যালয় সূত্র জানায়, এই অংশের ঠিকাদার শামীম খানকে ২ কোটি ৫৭ লাখ টাকা দেওয়া হয়েছে। কাজ না করে ঠিকাদারকে টাকা দেওয়া প্রসঙ্গে এলজিইডি রংপুর কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী শাহারুল আলম মণ্ডল বলেন, খালের পাড় নির্মাণ ও দুই পাড়ে ফুটপাত নির্মাণ করেননি এ কথা ঠিক। তবে ঠিকাদার খালের পাড়ে মাটি কাটার কাজ করার কারণে চুক্তিমূল্যের মধ্যে আড়াই কোটি টাকার ওপর তাঁকে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ঠিকাদার শামীম খান বলেন, ‘আমি যতটুকু কাজ করেছি, তার জন্য আমাকে এই টাকা দেওয়া হয়েছে।’
এলজিইডি কার্যালয় সূত্র আরও জানায়, শহরের নূরপূর হয়ে শহরের পাটবাড়ী এলাকা পর্যন্ত দরপত্র অনুযায়ী প্রায় তিন কিলোমিটার খালের পাড়ের দুই পাশে ফুটপাত ও খালের পাড় নির্মাণে প্রাক্কলন ব্যয় ধরা হয় প্রায় ৪ কোটি ৪৪ লাখ টাকা। সরেজমিনে দেখা গেছে, খালের এই অংশটুকুর দুই পাশে কোনো ফুটপাত নির্মাণ করা হয়নি। শুধু খালের পাড়ে কিছু অংশে বোল্ডার বসানো হয়েছে। কাজ শেষ না হওয়ার পরও ঠিকাদারকে প্রায় ৩ কোটি ৮৩ লাখ টাকা দেওয়া হয়ে গেছে।
এ ব্যাপারে এই অংশের কাজের ঠিকাদার হাবিবুর রহমান বলেন, ওই এলাকার খালের পাড়ের মানুষের কারণে তিনি ফুটপাত নির্মাণের কাজ করতে পারেননি। এ কারণে চুক্তিমূল্যের পুরো টাকাও তাঁকে দেওয়া হয়নি।
শহরের সিও বাজার থেকে সদর হাসপাতালের পেছনে নিউ ইঞ্জিনিয়ারপাড়ার সেতু পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় খালের পাড় সংরক্ষণে কাজ হয়েছে। এ ছাড়া দরপত্র অনুযায়ী নগরের কেরানীপাড়া নিউ ইঞ্জিনিয়ারপাড়া ও নূরপুর এলাকায় তিনটি সেতু নির্মাণ এবং নগরের মুন্সিপাড়ায় কেরামতিয়া মসজিদের সামনের মোড়ে একটি সেতু পুনঃসংস্কার করা হয়।
রংপুর এলজিইডি কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী শাহারুল আলম মণ্ডল খালের কিছু অংশের কাজ শেষ না করেই প্রকল্প শেষ দেখানো হয়েছে এর সত্যতা স্বীকার করে বলেন, গত বছর ডিসেম্বর মাসে প্রকল্পের কাজ শেষ হয়েছে। ২৪ কোটি ৮০ লাখ টাকার মধ্যে ২১ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার টাকা ব্যয় হয়েছে। বাকি ৩ কোটি ৩৬ লাখ টাকা ফেরত পাঠানো হয়েছে।
কাজ শেষ না হওয়ার পরও ঠিকাদারেরা কীভাবে টাকা পেলেন, এমন প্রশ্নের জবাবে ওই প্রকৌশলী বলেন, ‘প্রকল্পটি তিন বছর ধরে চলে আসছিল। অনেকবার কাজের সময় বাড়ানো হয়েছে। আমরা আর বাড়াইনি। গত ডিসেম্বরে শেষ করে দিয়েছি।’