কাজ না করেও বিল!
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন, নন-গেজেটেড কর্মচারীদের কোয়ার্টার ও ডরমেটরি মেরামতের জন্য ১৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। দরপত্রের মাধ্যমে এর কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দেলোয়ার হোসেনকে। প্রতিষ্ঠানটি ১২ লাখ ৯৮ হাজার টাকা তুলে নিলেও কাজ করেনি।জানা যায়, ৩০ জুন তড়িগড়ি করে বিল পাস করা হয়। পরে রাত ১১টার দিকে ঠিকাদার ব্যাংকে বিল জমা দিয়ে টাকা তুলে নেন। তাই কাজ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে উপজেলা প্রকৌশলী আরিফ উল্লা খানের দাবি, ব্যাংক থেকে চূড়ান্ত বিল তোলা হলেও ঠিকাদারকে টাকা দেওয়া হয়নি।এর আগে গত বছর উপজেলা পরিষদ ভবন সংস্কারের জন্য প্রায় ২৫ লাখ টাকা বিল দেওয়া হয়েছিল। ওই সময় যেনতেনভাবে কাজ করার অভিযোগ ওঠে। স্থানীয় ঠিকাদার আকবর হোসেনের ভাষ্যমতে, উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনের সীমানাপ্রাচীর নির্মাণ, ভবন সংস্কার, নন-গেজেটেড কর্মচারীদের কোয়ার্টার সংস্কার, ডরমেটরি মেরামত, উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় কক্ষের বারান্দায় কক্ষ নির্মাণের জন্য গোপনে দরপত্র আহ্বান করা হয়। এতে ব্যয় বেশি ধরা হয়েছে। ১৪ জুন দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ওই দিন চারটি দরপত্র জমা পড়ে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দেলোয়ার হোসেনকে কার্যাদেশ দেওয়া হয়। কাজ শেষ করার সময় ছিল ৩০ জুন।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনের সামনে কোনো সীমানাপ্রাচীর নেই। সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের জন্য মাটিতে কয়েকটি গর্ত করা হয়েছে। পাঁচ-ছয়টি গর্তে চারটি করে রড দেওয়া রয়েছে। ডরমেটরি ও নন-গেজেটেড কর্মচারীদের কোয়ার্টারে কোনো সংস্কার হয়নি। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় কক্ষের পাশের বারান্দায় একটি কক্ষ করা হয়েছে। সেটির দরজা-জানালা ও পলেস্তারা করা হয়নি। সোনালী ব্যাংক রামগঞ্জ শাখার একজন কর্মকর্তা জানান, ৩০ জুন রাত প্রায় ১১টার দিকে ব্যাংকে বিলটি আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের পাস করা বিল নিয়ে এলে ব্যাংক টাকা দিতে বাধ্য থাকে। কেননা কাজ তদারকির দায়িত্ব ওই দুই কার্যালয়ের।কাজ না করে বিল তোলার বিষয়ে জানতে চাইলে ঠিকাদার দেলোয়ার হোসেন দাবি করেন, ডরমেটরি ও নন-গেজেটেড কর্মচারীদের কোয়ার্টারের কাজ শেষ পর্যায়ে। উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনের সামনের সীমানাপ্রাচীর সাত দিনের মধ্যে হয়ে যাবে। সব কাজ শিডিউল মোতাবেক করে দেওয়া হবে।ওই কাজের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করার কথা উল্লেখ করে উপজেলা প্রকৌশলী আরিফ উল্লা খান প্রথম আলোকে বলেন, ‘৩০ জুনের মধ্যে টাকা না তুললে তা ফেরত যাবে। এ জন্য উপজেলা চেয়ারম্যান ও ইউএনওসহ সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে পুরো বিলটি ব্যাংক থেকে তোলা হয়। উন্নয়নের স্বার্থে এটি করা হয়েছে। তবে ঠিকাদারকে এখনো কোনো টাকা দেওয়া হয়নি। এ টাকা পে-অর্ডার করে আমার নামে রাখা হয়েছে।’জানতে চাইলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ আলম সিদ্দিক বলেন, ‘২৭ মে বরাদ্দ এসেছে। এ সময়ের মধ্যে দরপত্র আহ্বান করে কাজ করা কঠিন। এখনো কাজ চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে টাকা উত্তোলন করা হয়। তবে ঠিকাদারকে এখনো এক টাকাও দেওয়া হয়নি। যথাযথভাবে কাজ বুঝে নিয়ে বিল দেওয়া হবে।’