বান্দরবানের পাসপোর্ট কার্যালয়ে কাজ না দিয়ে শুধু কর্মকর্তা-কর্মচারীর পদায়ন দেওয়া হচ্ছে। এ পর্যন্ত পদায়িত ১০ জন কর্মকর্তা-কর্মচারীর ১১ মাস ধরে কোনো কাজকর্ম না থাকায় পাঁচজনকে প্রেষণে পাঠানো হলেও আগামী সপ্তাহে আরও কর্মকর্তা পদায়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন।
পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বিভাগের নতুন স্থাপিত পাসপোর্ট কার্যালয়গুলোয় এমআরপি (মেশিন রিড্যাবল পাসপোর্ট) যন্ত্রপাতি স্থাপনের কাজ ক্রমান্বয়ে অগ্রসর হয়ে এখন ফেনী ও নোয়াখালী পর্যন্ত এসে পৌঁছেছে। সেখান থেকে আরও কয়েকটি জেলা অতিক্রম করে বান্দরবানে এসে পৌঁছতে কিছু সময় লাগতে পারে।
নিজেদের চাকরিজীবী বেকার উল্লেখ করে পাসপোর্ট কার্যালয়ের হিসাব কর্মকর্তা প্রণব চন্দ্র দাশ জানান, গত বছরের আগস্টে বান্দরবানের জেলা প্রশাসকের পুরোনো কার্যালয়সংলগ্ন একটি ছোট ভবনে কাজ শুরু করা হয়েছিল। প্রথম দিকে তাঁরা নবায়ন ও পুরোনো নিয়মে কিছু নতুন পাসপোর্টের কাজ করতেন। কিন্তু কয়েক মাস আগে এমআরপি ছাড়া কোনো পাসপোর্ট না করার নির্দেশনা আসায় দাপ্তরিক কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
গত বৃহস্পতিবার কার্যালয়ে গিয়ে কয়েকজন কর্মচারীকে অলস বসে থাকতে দেখা গেছে।
অফিস সহকারী আফজাল হোসেন ও বেলাল হোসেন জানান, কাজ না থাকায় সহকারী পরিচালকসহ পাঁচজন প্রেষণে ঢাকা ও চট্টগ্রামে রয়েছেন। তাঁরা পাঁচজন কর্মহীন দপ্তরে বসে রয়েছেন এবং আরও একজন উপসহকারী পরিচালক আগামী সপ্তাহে যোগদানের কথা রয়েছে। কোনো কাজকর্ম ছাড়া বেতন নেওয়া তাঁদের জন্য নৈতিকভাবে অস্বস্তিকর হলেও করার কিছু নেই বলে তাঁরা মন্তব্য করেন।
পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাহান কবীর (প্রেষণে ঢাকায়) কাজ না থাকার কথা স্বীকার করে জানান, সারা দেশে ৩৩টি নতুন পদ্ধতির দপ্তর স্থাপনের ধারাবাহিকতায় বান্দরবানে কিছুটা বিলম্বিত হচ্ছে। আগামী মাসে এমআরপি যন্ত্রপাতি পাওয়া গেলে আগস্টে পাসপোর্টের কাজ শুরু হতে পারে। সে জন্য আরেকজন উপসহকারী পরিচালক পদায়ন করা হচ্ছে।