কাজ নেই, কষ্টে সাতক্ষীরার আইলাদুর্গত ‘বাঘ-বিধবারা’
‘গরিব মানুষের প্যাটে সব সময় খিদে নাগতিনি। আমাগো খিধে মরে গে। বিকেলে এট্টা (একটা) মাছের ঘিরে যেয়ে থালাবাসন মাজে পাঁচ টাকা পাবুনি, তা দে (দিয়ে) মুড়ি কেম্বা চিঁড়ে কিনে খাইয়ে রাত কেটে যাবেনে। মানুষের দয়ায় আইলার সময় বাঁচা গিলিও এখন না খেয়ে মরার অবস্থা হয়ছে।’ আক্ষেপ করে কথাগুলো বলছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ‘বাঘ-বিধবা’ (বাঘের আক্রমণে যাঁদের স্বামী নিহত হয়েছেন) পল্লির পঞ্চাশোর্ধ্ব বিধবা সোনামণি সরদার।২০০২ সালে সুন্দরবনের নদীতে কাঁঁকড়া শিকারে গিয়ে সোনামণির স্বামী ভবেন সরদার বাঘের আক্রমণে নিহত হন। এর পর থেকে স্থানীয় বাজারে মাছ কেটে কিংবা দিনমজুরের কাজ করে দুই সন্তানকে নিয়ে কোনোমতে দিন কাটালেও আইলার পর থেকে এলাকায় কাজ না থাকায় দিনের পর দিন খেয়ে না-খেয়ে কাটাতে হচ্ছে তাঁর।শুধু সোনামণিই নন, বাঘের আক্রমণে প্রাণ হারানোর পর শ্যামনগর উপজেলায় তাঁর মতো অসংখ্য বিধবার এমন অবস্থা।পৃথক ঘটনায় বাঘের আক্রমণে ওই পল্লির সূর্যদাসীর (৬৩) স্বামী ও এক সন্তান নিহত হওয়ার পর কোনোমতে সংসার চলছিল। ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলা তাঁর সর্বস্ব কেড়ে নেয়। এর পর থেকে এলাকায় কর্মসংস্থানের তীব্র সংকট চলছে। এতে তাঁদের কাছে বাঘের সেসব আক্রমণের চেয়ে আইলার পরিণতি এখন আরও ভয়ংকর হয়ে দেখা দিয়েছে।বাঘ-বিধবাদের নিয়ে সুন্দরবন এলাকায় কর্মরত বেসরকারি সংস্থা ‘লিডার্স’-এর পরিচালক মোহন মণ্ডল বলেন, সুন্দরবনসংলগ্ন শ্যামনগরের মুন্সিগঞ্জ, গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে ‘বাঘ-বিধবা’র সংখ্যা ৪৭৬। এই তিনটি ইউনিয়নে ১০ বছরে বাঘের আক্রমণে নিহত হয়েছেন ২৫২ জন। শ্যামনগর উপজেলায় বাঘ-বিধবাদের সংখ্যা হাজারের বেশি। শ্যামনগরে ১০ বছরে বাঘের আক্রমণে নিহত ব্যক্তির সংখ্যা হাজার দেড়েক। চলতি বছর এপ্রিল মাস পর্যন্ত বাঘের হামলায় নিহত হয়েছে পাঁচজন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মুন্সিগঞ্জ ও গাবুরার বাঘ-বিধবাপল্লিতে বর্তমানে যথাক্রমে ৩৪ ও ২৩০ জন বাঘ-বিধবার বসবাস।গত মঙ্গলবার সরেজমিন মুন্সিগঞ্জের বাঘ-বিধবাপল্লিতে গিয়ে দেখা গেছে, সুর্যদাসী ও সোনামণির পরিবারের মতো দুরবস্থা পল্লিজুড়ে। দুপুরে কয়েকজন বিধবা দিপালী মণ্ডলের ঘরের বারান্দায় সময় কাটাচ্ছেন। দিনভর হন্যে হয়ে ঘুরে কাজ জোগাড় করতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। কাজ না মেলায় সেদিন দুপুরে কারও কারও খাবার জোটেনি।পল্লির অনেক বাসিন্দা বলেন, বাঘের আক্রমণে তাঁদের স্বামী-সন্তানেরা নিহত হলেও আইলা তাঁদের কর্মসংস্থানের সুযোগ কেড়ে নিয়েছে। অনেকে সুন্দরবন থেকে নদীতে ভেসে আসা পাতা কুড়িয়ে বিক্রি করে কিংবা দোকান বা বাড়ি বাড়ি পানি পৌঁছে দিয়ে দুমুঠো খাবার জোগাচ্ছেন। কাজের অভাবে পল্লির বিধবা মঞ্জিলা খাতুন, রহিমা, ফজিলা পারভিন ও নূর নাহারসহ অনেকে এলাকা ছেড়ে চলে গেছেন। তাঁরা আরও বলেন, আইলার পরপর সরকারি-বেসরকারি উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হওয়ায় সেসময় খাওয়ার কষ্ট ছিল না। সম্প্রতি উন্নয়নকাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের এখন না খেয়ে মরার মত অবস্থা।মুন্সিগঞ্জ ও গাবুরার বিধবাপল্লির লোকজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইলায় তাঁরা মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়েছেন। আইলার পর টাকার অভাবে ঘর নির্মাণ বা সংস্কার করতে না পারায় তাঁরা চরম কষ্টে বসবাস করছেন।গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শফিউল আজম বলেন, প্রতিবছর শ্যামনগর উপজেলার শতাধিক লোক সুন্দরবনে বাঘের আক্রমণে প্রাণ হারান।মুন্সিগঞ্জ ইউপির চেয়ারম্যান আবুল কাশেম জানান, ‘বাঘ-বিধবা’রা অসহায়। আইলার পর তাঁদের কষ্ট কয়েকগুণ বেড়েছে।