নির্বাচনের পর তিন মাস হয়ে গেলেও কোনো কাজের দায়িত্ব পাননি ঢাকার নারী কাউন্সিলররা। উল্টো ঢাকা উত্তর সিটি করপোরেশনের নারী কাউন্সিলররা সনদ দেওয়ার ক্ষমতা হারিয়েছেন। কাজ নেই, ক্ষমতা নেই অথচ তাঁরা কাউন্সিলর। যতটা উদ্দীপনা নিয়ে নারী কাউন্সিলররা নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন, এখন ঠিক ততটাই হতাশ।
চলতি মাসের ৮ তারিখ ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মো. আবু ছাইদ শেখ স্বাক্ষরিত একটি চিঠি সব কাউন্সিলরের কাছে পৌঁছানো হয়েছে। ওই চিঠিতে ‘সিটি করপোরেশন (কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের দায়িত্ব, কার্যাবলি ও সুযোগ-সুবিধা) বিধিমালা, ২০১২ অনুযায়ী’ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বিধিমালায় সাধারণ আসনের কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের কাজের মধ্যে বৈষম্য আছে। এতে সাধারণ কাউন্সিলররা মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদ দিতে পারলেও নারীরা পারবেন না।
সিটি করপোরেশনের এই বিধানটি ২০০৪ সালের ১৬ আগস্ট হাইকোর্টের আদেশের পরিপন্থী। ওই আদেশে কাউন্সিলরদের কাজে বৈষম্য করা যাবে না বলে আদেশ দিয়েছিলেন আদালত।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনের পরে সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর বলে কোনো কথা নেই। সবাই সমমর্যাদার। সিটি করপোরেশন চলবে জাতীয় সংসদের মতোই। এখানে সব স্থায়ী কমিটিতেও নারী কাউন্সিলরদের প্রতিনিধিত্ব থাকতে হবে।
উত্তরের মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেছেন, ‘বৈষম্য করছি না। নারী কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে একটা ব্যক্তিত্বের সংঘাত আছে। শিগগিরই কাউন্সিলরদের মধ্যে কাজ ভাগ করে দেওয়া হবে। কে কী কাজ করবেন, কীভাবে করবেন, সে নিয়ে চিন্তা-ভাবনা করছি।’
অন্যদিকে দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘আমি বলে দিয়েছি, কাউন্সিলরদের মধ্যে কোনো বৈষম্য করা হবে না। বাজেটের পর কার কী কাজ, সেটি স্পষ্ট করে দেওয়া হবে।’
তবে মেয়রদের এসব কথা আশ্বস্ত করতে পারেনি নারী কাউন্সিলরদের। নাম প্রকাশ না করার শর্তে নারী কাউন্সিলরদের অনেকেই বলেছেন, পুরুষ সহকর্মীরা তাঁদের ঠাট্টা করছে। অনেকে আর চিনতেও চাইছেন না। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাও তাঁদের কথা শুনছেন না। জনপ্রতিনিধি হয়েও আদতে তাঁরা চাকরি করছেন।
গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা উত্তর থেকে ১২ জন ও দক্ষিণ সিটি করপোরেশন থেকে ১৯ জন নারী সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন। এঁদের কমপক্ষে ১০ জন প্রথম আলোর কাছে তাঁদের হতাশার কথা জানিয়েছেন।
মেয়র ডাকলে যাই
উত্তরের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর আমিনা খাতুন। প্রথম আলোকে তিনি বলেন, ‘মেয়র ডাকলে যাই। যে তিনটি সাধারণ ওয়ার্ড নিয়ে আমার ওয়ার্ড, সেই ওয়ার্ডের কাউন্সিলরদের ফোন দিই, কোনো কাজ পাই যদি এই আশায়। নির্বাচিত হয়ে দেখছি ক্ষমতা নেই।’
নার্গিস মাহতাব সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত নারী কাউন্সিলর। ঢাকা দক্ষিণের ১৬, ১৭ ও ২১ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত এই ওয়ার্ডটি। নার্গিস প্রথম আলোকে বলেন, ‘সাধারণ ওয়ার্ডের পুরুষ কাউন্সিলরদের কাছ থেকে ভাঙা রাস্তাঘাটের তালিকা চেয়েছেন মেয়র। এলাকায় হোল্ডিং নম্বর আছে, কিন্তু ট্যাক্স দেয় না এমন বাড়ি খুঁজে বের করতে বলেছেন। আমাদের কিছুই বলছেন না।’
নার্গিস মাহতাব ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন ঢালীর জন্য একজন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। নার্গিস জানান, তিনি কখনো সচিবের চেহারা দেখেননি। কোনো কাজে নার্গিস মাহতাবের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না, কোনো কাজে তাঁকে সম্পৃক্ত করেছেন কি না জানতে চাইলে সালাউদ্দিন ঢালী বলেন, ‘যোগাযোগ হয়ই তো। প্রায়ই হাই-হ্যালো করি।’
উত্তরের সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীমা রহমান বলেন, ‘আমার এলাকায় মশার অত্যাচারে লোকে টিকতে পারে না। শপথ নিয়েই প্রথম মশা মারার জন্য খবর দিলাম। লোক আসে না।’ এখন পর্যন্ত কী কাজ করেছেন জানতে চাইলে বলেন, মেয়র একবারই ডেকেছিলেন সবাইকে। আর একটা চিঠি এসেছে বাজারের জিনিসপত্রের দাম কেমন তা জানানোর জন্য।
উত্তরের অপর এক কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন সচিব ফোন করে সাধারণ ওয়ার্ডের পুরুষ কাউন্সিলরের অফিস থেকে তাঁকে মেয়রের চিঠি সংগ্রহের জন্য ফোন করেছেন। তিনি পাঠিয়ে দিতে বললে, যথেষ্ট লোকজন নেই বলে জানিয়েছেন ওই সচিব।
নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরের একাধিক কাউন্সিলর বলেছেন, মেয়রের অনেক কাজ। তিনি তাঁর কিছু কাজেও নারীদের সম্পৃক্ত করতে পারতেন। সেটাও করছেন না।
দক্ষিণের কাউন্সিলর ফাতেমা আক্তার ডলি বলেছেন, তাঁরা জানতে পেরেছেন জুন-জুলাইয়ে সিটি করপোরেশনের বাজেটের কাজটা শেষ হলেই তাঁরা দায়িত্ব বুঝে পাবেন। বাজেট প্রণয়নের কাজে কেন তাঁদের সম্পৃক্ত করা হয়নি, সে সম্পর্কে অবশ্য তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।
জানা গেছে, সংরক্ষিত ওয়ার্ডে প্রতিযোগিতা করে অনেকেই পরে সাধারণ ওয়ার্ডে নির্বাচন করতে চান। কেউ কেউ সংসদ নির্বাচনও করতে চান। কাজ দেখাতে না পারলে তাঁদের পক্ষে রাজনীতিতে বেশি দূর এগোনো সম্ভব হবে না, এমন আশঙ্কা আছে কারও কারও। ঢাকা উত্তরের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহনাজ পারভীন বলছিলেন, ‘আমি রাজনীতি করছি একটা সুনির্দিষ্ট লক্ষ্যে। ইচ্ছা আছে সাংসদ হবার। নিজেকে প্রমাণ করতে না পারলে এমপি হিসেবে মনোনয়ন পাওয়া বা জেতা কঠিন হবে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘স্থানীয় সরকার আইন, ২০০৯-এ কোনো কাউন্সিলরের মধ্যে বৈষম্য থাকবে না, এ কথা পরিষ্কারভাবে বলা আছে। আইনটা পড়ে নিজেদের দায়িত্ব কী, সেটা বুঝে নিয়ে নারী কাউন্সিলরদের সেটা আদায়ের চেষ্টা শুরু করা দরকার।’