যানবাহনের অভাবে নেওয়া হয়নি প্রকল্প
কাজ নেই বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের
বান্দরবানের পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলীর দপ্তরটি গত বছরের ১৬ জুন বিভাগীয় প্রকৌশলীর দপ্তরে উন্নীত হয়েছে। ওই বিভাগে বেশ কয়েকজন নতুন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হলেও যানবাহনসহ আনুষঙ্গিক কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। পাশাপাশি রয়ে গেছে লোকবল সংকটও। ফলে নতুন কোনো প্রকল্প হাতে নেননি এখানকার কর্মকর্তারা। কার্যালয় গোছানোর কাজ ছাড়া অন্য কাজ নেই বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের।
টিঅ্যান্ডটি ভবনের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের আগের কার্যালয়টি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় গত দুই মাস আগে শহরের আর্মিপাড়ায় ভাড়া বাড়িতে নতুন কার্যালয় খোলা হয়েছে। পাউবোর নতুন এই কার্যালয়ের অধীনে বান্দরবানের সাত উপজেলা ছাড়াও কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া রয়েছে। এত বিশাল অঞ্চল তদারকির জন্য কার্যালয়ের কোনো যানবাহন নেই। এ কারণে কর্মস্থলে যোগদানের পর বসে বসে দিন কাটছে কর্মকর্তা–কর্মচারীদের।
সম্প্রতি আর্মিপাড়ায় পাউবোর কার্যালয়ে গিয়ে দেখা যায়, উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা গল্প করে সময় কাটাচ্ছেন। প্রশ্ন করলে তাঁরা জানান, প্রতিদিন কার্যালয়ে এসে হাজিরা দেওয়া ছাড়া অন্য কোনো কাজ নেই তাঁদের। এভাবেই দিন কাটছে। এ নিয়ে তাঁরা বিব্রতও। এভাবে বসে বসে বেতন নিতে ভালো লাগছে না বলে জানান তাঁরা।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম শেখ বলেছেন, নতুন সৃষ্ট এই বিভাগের সমস্যা অনেক। যানবাহন ও জনবল সংকট আছে। ৪০টি পদে ১৪ জন প্রকৌশলী-কর্মচারীকে পদায়ন করা হয়েছে। যদিও তাঁদের কোনো কাজ নেই এখন পর্যন্ত। মোটরসাইকেলসহ যানবাহন না থাকায় প্রকল্পও নেওয়া যাচ্ছে না। কুতুবদিয়াতে কিছু কাজ হচ্ছে অন্য বিভাগীয় কার্যালয়ের আনুষঙ্গিক সহযোগিতা নিয়ে।
টিঅ্যান্ডটি ভবনের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের আগের কার্যালয়টি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত ছিল। সেখানে কোনো কর্মকর্তাকে পাওয়া যেত না। গত বছর নভেম্বর-ডিসেম্বর মাসে পর পর বেশ কয়েকবার গিয়েও ওই কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি। গত জুনে বিভাগীয় কার্যালয়ে রূপান্তরিত হলেও মাত্র দুই মাস আগে আর্মিপাড়ায় নতুন কার্যালয় খোলার পর বান্দরবানে পাউবোর কর্মকর্তা কর্মচারীদের দেখা যাচ্ছে। এ ব্যাপারে প্রশ্ন করলে নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম জানান, পদায়ন হতে সময় লেগেছে বলে এমনটা হয়েছে। কাজ না থাকা প্রসঙ্গে উপসহকারী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার বলেন, নতুন বিভাগে এখনো কোনো প্রকল্প নেওয়া হয়নি বলে কাজ শুরু হয়নি। তবে আলীকদম উপজেলায় আলীকদম সেনানিবাস–সংলগ্ন এলাকায় মাতামুহুরী নদীর তীর সংরক্ষণের একটি প্রকল্প চলছে। সেটি অবশ্য সেনাবাহিনীর প্রকৌশল শাখা বাস্তবায়ন করছে।