কাজ পাওয়ার আগেই টাকা ভাগাভাগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট লাখ টাকার দরপত্র পেতে সমঝোতা বৈঠকে তিন লাখ ২০ হাজার টাকা ভাগাভাগি করার শর্ত মেনে নেওয়ার পর ৩৯ জনের মধ্যে মাত্র তিনজন শিডিউল জমা দেন। কর্মকর্তারাও যথারীতি বাক্স খুলে সমঝোতাকারী ঠিকাদার ওমর আলী মালিককেই সর্বনিম্ন দরদাতা ঘোষণা করেছেন।চুয়াডাঙ্গার দামুড়হুদায় বুধবার চারটি প্রাথমিক বিদ্যালয় মেরামতের কাজের সর্বনিম্ন দরদাতা নির্বাচন করতে উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যেই এ ঘটনা ঘটে। বৈঠকে অংশগ্রহণকারী একজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, নেতাদের পরামর্শ অনুযায়ী তিনজন দরপত্র জমা দেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কার্যাদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট ঠিকাদার অন্য ঠিকাদারদের তিন লাখ ২০ হাজার টাকা ভাগ করে দেবেন। সাধারণ ঠিকাদারদের অভিযোগ, দরপত্র শিডিউল কিনলেও রাজনৈতিক চাপেই তাঁরা তা দাখিল করতে পারেননি।দামুড়হুদা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয়ের মেরামতের জন্য সম্প্রতি আট লাখ ৩১ হাজার টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। এর আওতায় ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য দুই লাখ ৬৮ হাজার টাকা, ছুটিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য দুই লাখ ৪৪ হাজার টাকা, চারুলিয়া-শেখপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের জন্য এক লাখ ৬২ হাজার টাকা এবং বোয়ালমারী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মেরামতের জন্য এক লাখ ৫৭ হাজার টাকা ব্যয় ধরা হয়। এ জন্য দামুড়হুদা উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে ১৭টি, সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে ১২টি, এলজিইডি চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ছয়টি ও জীবননগর উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে চারটি দরপত্রের শিডিউল বিক্রি হয়। তবে দরপত্র জমা নেওয়া হয় কেবল দামুড়হুদা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিকাদাররা সকাল থেকেই দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে ভিড় জমালেও বেলা ১২টা পর্যন্ত কেউই বাক্সে দরপত্র ফেলেননি। সোয়া ১২টায় একটি সাদা মাইক্রোবাসযোগে একটি রাজনৈতিক দলের কয়েকজন নেতা (যাঁরা সবাই ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত) সেখানে পৌঁছান। এরপর তাঁরা উপজেলা পরিষদের সভাকক্ষে শিডিউল ক্রেতা সব ঠিকাদারকে নিয়ে সমঝোতা বৈঠকে বসেন।উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী রওশন হাবীব জানান, বুধবার বিকেলে দরপত্র বাক্স খুলে তিনটি দরপত্র পাওয়া যায়। এর মধ্যে চুয়াডাঙ্গার ওমর আলী মালিক সর্বনিম্ন দর দাখিল করেছেন। তাঁর দর সাত লাখ ৯৩ হাজার ৫০ টাকা। এ ছাড়া চুয়াডাঙ্গার কনস্ট্রাক্টিভ কনস্ট্রাকশন ও আসমান কনস্ট্রাকশন নয় লাখ ৬৩ হাজার ৮৪৪ টাকা দর দাখিল করে। দুই সপ্তাহের মধ্যে মূল্যায়ন কমিটি চূড়ান্ত দরদাতা নির্বাচন ও কার্যাদেশ দেওয়ার সুপারিশ করবে। ঠিকাদারদের প্রকাশ্য সমঝোতা বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।