কাজ পেতে অকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে ৩০ টাকায়, হলুদ ৩০০ ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। কিন্তু লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক ঠিকাদার প্রতি কেজি আটা ১০ টাকা, হলুদ ৭০ ও খাসির মাংস ১৮০ টাকা কেজি দরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করছেন। এসব পণ্যসহ খাদ্যতালিকার বেশির ভাগ পণ্য বাজার থেকে অনেক কম মূল্য দিয়ে ঠিকাদারি কাজ পেয়েছেন তিনি।কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান আরমান অ্যান্ড ব্রাদার্সের মালিক রায়পুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আরমান হোসেন। অভিযোগ উঠেছে, ঠিকাদার আরমান বাজারের চেয়েও অনেক কম মূল্য দিয়েছেন কৌশলে কাজটি পাওয়ার জন্য। কাজ পাওয়ার পর নিয়মানুযায়ী পরিমাণমতো খাদ্য সরবরাহ না করা ও হাসপাতালে বেশি রোগী ভর্তি দেখানোসহ বিভিন্ন অনিয়ম করে তিনি এ ক্ষতি পুষিয়ে নেবেন।খোঁজ নিয়ে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরের জন্য পণ্যসামগ্রী (খাদ্য) সরবরাহের জন্য গত ১৫ জুলাই দরপত্র আহ্বান করা হয়। দরপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৫ সেপ্টেম্বর। দরপত্র আহ্বান কমিটি মেসার্স আরমান অ্যান্ড ব্রাদার্স, হাসপাতাল রোড, রায়পুর, লক্ষ্মীপুর নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২৯টি খাদ্যপণ্য সরবরাহের জন্য কার্যাদেশ দেয়। ১ নভেম্বর থেকে ওই প্রতিষ্ঠান হাসপাতালে খাদ্য সরবরাহ করছে।রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দরপত্রের শর্তে লেখা ছিল, প্রতিটি উপকরণের দর অবশ্যই বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা মিল থাকতে হবে। কিন্তু মেসার্স আরমান অ্যান্ড ব্রাদার্স ওই শর্ত ভঙ্গ করে কাজটি পায়। দরপত্র অনুযায়ী তাদের প্রতি কেজি কালিজিরা চাল ৪০ টাকা, খাসির মাংস ১৮০, চিনি ৩০, আটা ১০, সেমাই ৪০, লবণ আয়োডিনযুক্ত ১২, গুঁড়ো দুধ ১৫০, শুকনো মরিচ ৬০, হলুদ ৭০, রসুন ৬০, আদা ৬০, এলাচ ৩৫০, জিরা ১২০ ও চিঁড়া ১৭ টাকা কেজি দরে স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করার কথা। এ ছাড়া আরও ১৫টি পণ্য খাদ্যতালিকার মধ্যে রয়েছে, যা বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।বেশ কিছু বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি কালিজিরা চাল ৭০ টাকা, খাসির মাংস ৩৫০, চিনি ৫২, আটা ৩০, সেমাই ৮০, লবণ আয়োডিনযুক্ত ২০, গুঁড়ো দুধ ৩৯০, শুকনো মরিচ ১২০, হলুদ ৩০০, রসুন ১৫০, আদা ১৬০, এলাচ দুই হাজার, জিরা ৩৫০ ও চিঁড়া ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে দুজন ঠিকাদার জানান, বাজারের সঙ্গে আরমান অ্যান্ড ব্রাদার্সের দরপত্রে দেওয়া মূল্যের সামঞ্জস্য নেই। ওই দরে স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্যপণ্য সরবরাহ করলে লাভ তো দূরের কথা, মাসে প্রচুর টাকা লোকসান গুনতে হবে। এ ক্ষতি পোষাতে ঠিকাদার খাসির মাংসের বদলে ভেড়ার মাংস দিতে পারেন এবং বিভিন্ন ক্ষেত্রে পুকুর চুরি করতে পারেন।গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে রোগী মো. জহির হোসেন জানান, তিনি ২০ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি। খাসির মাংস এক দিনও পাননি। এক টুকরো মুরগির মাংস দেওয়া হলেও তার ওজন হবে প্রায় ২৫-৩০ গ্রাম। অথচ প্রতি রোগীকে ১০০ গ্রাম করে মুরগির মাংস দেওয়ার কথা। তা ছাড়া খাবারের মানও নিম্নমানের।ভর্তি হওয়া আরেক রোগী দিলরুবা আক্তার বলেন, হাসপাতালের খাবার খুবই নিম্নমানের ও খাওয়ার অনুপযোগী। এ খাবার খাওয়ার পর অনেক সময় বমি আসে।এ ব্যাপারে খাদ্যপণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এমদাদুল হক প্রথম আলোকে বলেন, বাজারের সঙ্গে সামঞ্জস্য থাকায় আরমান অ্যান্ড ব্রাদার্সকে কাজ দেওয়া হয়েছে। তিনটি দরপত্র পর্যালোচনা করে তাদের দরপত্রের পণ্যের মূল্য সবচেয়ে কম ছিল।ঠিকাদার আরমান হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কম মূল্যে দরপত্র দেওয়ার কথা স্বীকার করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি যেন কাজটি না নিতে পারি, সে জন্য একটি চক্র চ্যালেঞ্জ করে। এ কারণে অল্প চাহিদার কিছু পণ্যের মূল্য কম দিয়ে কাজ নিয়েছি।’ হাসপাতালে সরবরাহ করা খাবার নিম্নমানের নয় বলে তিনি দাবি করেন।