কাজ পেতে গ্যাসক্ষেত্র অবরোধ সরবরাহে বিপর্যয়ের আশঙ্কা

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর (কেপিআই) অন্যতম মৌলভীবাজার গ্যাসক্ষেত্র সাত দিন ধরে অবরুদ্ধ করে রেখেছেন পাঁচ ঠিকাদার। জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুরের এই ক্ষেত্রটিতে খাবার, পানি ও অন্যান্য জিনিসপত্র সরবরাহের কাজ স্থানীয় ঠিকাদারদের দেওয়ার দাবিতে এই অবরোধ চলছে। আমেরিকান কোম্পানি শেভরন এই গ্যাসক্ষেত্রটি পরিচালনা করছে। অবরোধের কারণে ওই ক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে ওঠা পানি ও কনডেনসেট সরিয়ে নেওয়া যাচ্ছে না। এর ফলে গ্যাসক্ষেত্রটি তো বটেই, সঙ্গে হবিগঞ্জের মুচাইয়ে অবস্থিত কমপ্রেসর স্টেশনটিও বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কমপ্রেসর স্টেশনটি বন্ধ হলে সারা দেশে স্বাভাবিক চাপে গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে। পবিত্র রমজান মাসে সেই পরিস্থিতি হবে বিপর্যয়কর। এই অবরোধের কারণে গ্যাসক্ষেত্রে কর্মরতদের জন্য খাবার, পানিসহ প্রতিদিনের অপরিহার্য পণ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে। ক্ষেত্রটির আবাসিক এলাকায় রাতে বসবাসরত মুচাই কমপ্রেসর স্টেশনের কর্মকর্তারাও অবরুদ্ধ হয়ে আছেন। পেট্রোবাংলাকে চিঠি দিয়ে শেভরন এই পরিস্থিতি জানিয়ে বলেছে, ক্ষেত্রটি থেকে গ্যাসের সঙ্গে ওঠা পানি ও কনডেনসেট লরিতে করে বিবিয়ানায় পাঠানো না গেলে ক্ষেত্রটি চালু রাখা সম্ভব হবে না। আর পেট্রোবাংলা যদি গ্যাসক্ষেত্রটিতে কর্মরতদের খাবার, পানি অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়মিত সরবরাহ করতে না পারে, তাহলে ক্ষেত্রটি বন্ধ করে দিয়ে হেলিকপ্টারে করে তারা তাদের কর্মীদের উদ্ধার করে নিয়ে আসবে। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, অবরোধকারী পাঁচ ঠিকাদার রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাচ্ছেন। এঁদের দাবি, শেভরনের তালিকাভুক্ত ২২ জন স্থানীয় ঠিকাদারের মধ্যে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কাজ দেওয়া যাবে না। সব কাজ তাঁদের পাঁচজনকে দিতে হবে। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এটা করা যাবে না বলে শেভরন তাঁদের জানিয়ে দিলে তাঁরা এই অবরোধ শুরু করেন।
জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর শেভরনের চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, ক্ষেত্রটি থেকে প্রতিদিন প্রায় আট কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। এটা বন্ধ হলে গ্যাস সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে। আর মুচাইর কমপ্রেসর স্টেশন বন্ধ হলে সারা দেশে স্বাভাবিক চাপে গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে।
পরিস্থিতি স্বাভাবিক করতে কী ব্যবস্থা নিচ্ছেন, জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, জ্বালানিসচিব মোজাম্মেল হক খানকে তিনি বিষয়টি জানিয়েছেন। এ ছাড়া মৌলভীবাজারের স্থানীয় প্রশাসন এবং ওই এলাকার সাংসদ ও জাতীয় সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদকেও তিনি বিষয়টি জানিয়ে সংকট নিরসনের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন। কিন্তু হুইপ অবরোধকারী ঠিকাদারদের পক্ষেই কথা বলেছেন।
গতকাল বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে আব্দুস শহীদ প্রথম আলোকে বলেন, ‘অবরোধের বিষয়ে আমি কিছুই জানি না। আমি ইফতার পার্টি, দলের বিভিন্ন পর্যায়ের সম্মেলন প্রভৃতি রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত আছি। শেভরনের কাজকর্ম সম্পর্কেও আমার কিছু জানা নেই। কাজেই এ ব্যাপারে আমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই।’
ঘটনার বিবরণ: শেভরন পরিচালিত মৌলভীবাজার গ্যাসক্ষেত্রে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহসহ বিভিন্ন কাজের জন্য ২২ জন তালিকাভুক্ত ঠিকাদার আছেন। গ্যাসক্ষেত্রটির যেকোনো কাজ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই ২২টি প্রতিষ্ঠান করে থাকে।
কয়েক মাস আগে এই ঠিকাদারেরা শেভরন কর্তৃপক্ষকে জানান, তাঁরা দীর্ঘদিন ধরে যেসব কাজ করে আসছেন এর বাইরেও কিছু কাজ এখানে হয়, যা তাঁরা করতে পারেন। এ কাজগুলো শেভরন অস্থানীয় অন্য ঠিকাদারের মাধ্যমে করাচ্ছে। বিষয়টি নিয়ে শেভরন কর্তৃপক্ষ এই ঠিকাদারদের সঙ্গে বৈঠকে বসে। আলোচনায় দেখা যায়, ঠিকাদারদের বক্তব্য সঠিক। সে অনুযায়ী শেভরন ওই ২২ ঠিকাদারকে দিয়ে করানো যায় এমন কাজের নতুন একটি সম্প্রসারিত তালিকা করে।
এর কিছুদিন পর পাঁচজন ঠিকাদার ঢাকায় শেভরনের কার্যালয়ে এসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আবার বৈঠক করেন। সেখানে তাঁরা দাবি করেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২২ জন ঠিকাদারকে কাজ দেওয়া যাবে না। সব কাজ দিতে হবে তাঁদের পাঁচজনকে। এই পাঁচ ঠিকাদার হলেন—মো. জমশেদুর রহমান (সমতা এন্টারপ্রাইজ); মো. আকল মিয়া (খাজা এন্টারপ্রাইজ); মো. সুজু মিয়া (এসএম এন্টারপ্রাইজ) মো. দুরুদ মিয়া (গোল্ডেন এন্টারপ্রাইজ) ও মো. মুজিবুর রহমান (কালাপুর এন্টারপ্রাইজ-টু)।
স্থানীয় সূত্রগুলো বলছে, এর মধ্যে মুজিবুর রহমান ছাড়া অন্য চারজন ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে এখন তাঁরা প্রত্যেকেই ক্ষমতাসীন দলের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পান।
এখন অবরোধকারী ঠিকাদারদের অভিযোগ—বছরের পর বছর তাঁরা গ্যাসক্ষেত্রের কোনো কাজ পাননি। এ ছাড়া শেভরন স্থানীয় বেকার যুবকদের চাকরি দিতে চায় না। এলাকাবাসীর দাবি রয়েছে বাসা-বাড়িতে গ্যাস-সংযোগ দেওয়ারও।
জানতে চাইলে জমশেদুর রহমান গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের সঙ্গে গত ৩০ জুন ও ২ মে ঢাকায় শেভরনের অফিসে বৈঠক হয়েছে। শেভরনের পক্ষে নাসের আহমেদ আমাদের আশ্বাস দিয়েছিলেন ১৭ জুলাইর মধ্যে ১২ থেকে ১৫টি সরবরাহের কাজ স্থানীয় ঠিকাদারদের দেওয়া হবে। কিন্তু শেভরন সে কথা রাখেনি।’
শেভরনের পরিচালক (বহিঃ সম্পর্ক বিভাগ) নাসের আহমেদ প্রথম আলোকে বলেন, তালিকাভুক্ত স্থানীয় ঠিকাদারেরা যেসব কাজ করতে পারবেন তা আগের মতোই উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দেওয়া হবে। এই নিয়ম ভাঙার কোনো উপায় শেভরনের নেই। স্থানীয়দের চাকরি প্রসঙ্গে তিনি বলেন, গ্যাসক্ষেত্রে দরকার হয় কিছু বিশেষায়িত কর্মীর। তা তো স্থানীয় পর্যায়ে পাওয়া যায় না। তা ছাড়া চাকরিতে নিয়োগেরও তো একটা নিয়ম-পদ্ধতি আছে। সেটা উপেক্ষা করাও সম্ভব নয়। আর স্থানীয়দের বাসা-বাড়িতে গ্যাস-সংযোগ দেওয়ার বিষয়টি শেভরনের কাজের মধ্যে পড়ে না। এটা সরকারের বিষয়।
সরেজমিন: গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম আলোর মৌলভীবাজার প্রতিনিধি বিশ্বজ্যোতি চৌধুরী কালাপুর বাজারে যান। কালাপুর বাজার থেকে গ্যাসক্ষেত্রে যাওয়ার সড়কটিতে তখন সাধারণ যানবাহন চলছিল।
সড়কের দুই পাশের কয়েকজন দোকানদার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার (১৮ জুলাই) স্থানীয় কয়েকজন ঠিকাদারের নেতৃত্বে এলাকার কয়েক শ মানুষ গ্যাসক্ষেত্রে যাওয়ার সড়কটি সারা দিন অবরোধ করে রাখেন। তাঁরা গ্যাসক্ষেত্রের কর্মকর্তা-কর্মচারীদের বহন করা গাড়ি চলাচলে বাধা দেন।
তার পর থেকে আর সারা দিন ধরে অবরোধ হচ্ছে না। তবে মাঝেমধ্যে হঠাৎ করে ঠিকাদারদের লোকেরা এসে সড়কে শেভরনের গাড়ি ও লোকজন চলাচলে বাধা দিচ্ছেন। গত কয়েক দিন এভাবেই অবরোধ চলছে।
জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, ‘গ্যাস ফিল্ডের সড়কে এখন কোনো অবরোধ নেই। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে। পুলিশ সব দিকে নজর রাখছে। শেভরন লিখিতভাবে আমাকে এ বিষয়ে কিছু জানায়নি। তারা যখনই ফোন করছে তখনই পুলিশ পাঠানো হচ্ছে। পুলিশ গিয়ে কিছুই পাচ্ছে না।’
জানতে চাইলে পুলিশের একাধিক সূত্র প্রথম আলোর ঢাকা অফিসকে জানায়, গত রোববার সন্ধ্যায় গ্যাসক্ষেত্রের ৯ নম্বর কূপ থেকে দুজন কর্মকর্তাকে নিয়ে শেভরনের একটি গাড়ি তাদের আবাসিক এলাকায় যাচ্ছিল। এ সময় অবরোধকারীরা গাড়িটির পথরোধ করে জানতে চান, শেভরনের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার পরও কেন গাড়ি নামানো হয়েছে। তখন শেভরনের লোকেরা অবরোধকারীদের বলেন, ঢাকা থেকে তাঁদের জানানো হয়েছে, পেট্রোবাংলার চেয়ারম্যান স্থানীয় সাংসদ ও সংসদের প্রধান হুইপের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। হুইপের কথা অনুযায়ী পেট্রোবাংলা থেকে তাঁদের জানানো হয়েছে যে, অবরোধকারীরা আর গাড়ি চলাচলে বাধা দেবেন না।
সূত্র জানায়, ওই কথা শোনার পর অবরোধকারীরা বলেন, হুইপ সাহেব তো তাঁদের এ ব্যাপারে কিছু জানাননি। এরপর অবরোধকারীরা বিষয়টি নিয়ে দু-একজনের সঙ্গে ফোনে কথা বলেন। তারপর গাড়িটিকে গন্তব্যে যেতে না দিয়ে গ্যাসক্ষেত্রে ফেরত পাঠান।
সংবাদ সম্মেলন: গতকাল সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঠিকাদারেরা অভিযোগ করেছেন, শেভরন উন্মুক্ত দরপত্রের পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করছে না। কবে দরপত্র খোলা হবে, তা জানানো হয় না। শেভরনের সিলেট কার্যালয়ের মাধ্যমে তাদের পছন্দের কিছু লোককে কাজ দেওয়া হয়। সেই জন্যই এখন সমস্যা হচ্ছে।
ঠিকাদারেরা বলেন, অক্সিডেন্টাল, ইউনোকল ও শেভরনের পরিচালনাকালেও এর আগে এমন সমস্যা হয়নি।
অবরোধকারী পাঁচজনসহ মোট ১৭ জন ঠিকাদারের উপস্থিতিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলা হয়, তাঁরা গ্যাসক্ষেত্র অবরোধ করেছেন। কর্মকর্তাদের বহনকারী গাড়ি চলাচলে বাধা দেওয়া হবে। তবে খাদ্য, পানি ও নিরাপত্তাকর্মীদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।