কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের গৌরাঙ বিল পুনঃখননের কাজ শেষ না করে চলে গেছে ঠিকাদার প্রতিষ্ঠান। বিলটি আবারও ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় পরিবেশের ওপর যেমন বিরূপ প্রভাব পড়ছে, তেমনি নির্ভরশীল মৎস্যজীবীরাও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, বিলটির আয়তন ২৫ দশমিক ৭২ একর। পলিতে ভরাট হওয়ায় মৎস্য অধিদপ্তরের ‘হাওর অঞ্চলে মৎস্য চাষ ব্যবস্থাপনা প্রকল্প’র আওতায় ২০১১-১২ অর্থবছরে বিলটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। প্রায় ২৪ লাখ টাকার এ কাজ পায় বরিশালের এসএফ এন্টারপ্রাইজ। পরে হাতবদল করে একই এলাকার বাচ্চু মিয়া নামের এক ঠিকাদার কাজটি পান। ২০১২ সালের শুরুর দিকে ঠিকাদারকে কাজ শুরু করতে প্রথম কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢালে তখন নির্ধারিত সময়ে আর কাজ শুরু হয়নি। পরে ২০১২ সালের ডিসেম্বরে দেওয়া দ্বিতীয় কার্যাদেশে ২০১৩ সালের ২০ এপ্রিলের মধ্যে কাজটি সম্পন্ন করতে বলা হয়। ২০১৩ সালের জানুয়ারিতে ঠিকাদার খননকাজ শুরুও করেন।
এলাকাবাসী জানান, ২০ থেকে ২৫ দিন কাজ করেই ঠিকারদার যন্ত্রপাতি গুটিয়ে চলে যান। বিল আধাখেচড়া হয়ে পড়ে থাকে।
স্থানীয় বাছিরপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সুধীর বিশ্বাস জানান, ছয় বছরের (১৪১৯-১৪২৪ বাংলা সন) উন্নয়ন প্রকল্পের আওতায় তাঁরা ৭০ হাজার টাকায় বিলটি ইজারা নিয়েছেন। স্থানীয় ৭০ জন মৎস্যজীবীকে নিয়ে এ সমিতি গঠিত। যথাযথভাবে বিলটি খনন না করায় মাছ পাওয়া যায় না। দ্রুত বিলটি খনন করে মাছের প্রজননের পথ সুগম না করা হলে মৎস্যজীবীরা পথে বসবেন।
বিলের লাগোয়া কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ও পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আনফর আলী জানান, বিলটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হলেও কাজ সামান্যই হয়। বিলটি বাঁচাতে দ্রুত কাজ শেষের দাবি জানান তিনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, ‘ঢাকার মৎস্য অধিদপ্তরে অবস্থিত সংশ্লিষ্ট প্রকল্পের প্রধান কার্যালয়েই বিলটির খননকাজের দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ঠিকাদার কেন কিছু কাজ করে চলে গেলেন, সে ব্যাপারে আমরা কিছু জানি না।’ তিনি আরও বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী, ৪২ শতাংশ কাজ হয়েছে। গত বছরই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এ বিষয়ে প্রতিবেদন পাঠাই। তারপর আর কিছু জানি না।’
এসএফ এন্টারপ্রাইজের মালিকের নাম বা মুঠোফোন নম্বর পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বন্ধ পাওয়া যায় বাচ্চু মিয়ার মুঠোফোন।