কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বাঁধের সংস্কারকাজ ফেলে ঠিকাদার চলে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গাফ্ফার বলেন, কাজ শেষ না করে বাঁধটি ঝুঁকিতে ফেলে ঠিকাদার লাপাত্তা হয়েছেন। ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করেও লাভ হয়নি। দায়সারাভাবে বাঁধের যেটুকু অংশের সংস্কারকাজ করা হয়েছে, সেখানেও ঘাস লাগানো হয়নি। অথচ বিল তুলে নিয়ে গেছেন ঠিকাদার।
৭ জুলাই সরেজমিনে দেখা যায়, কালিকাপুর গ্রামের মসজিদের পাশ দিয়ে যাওয়া বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে কোনো সংস্কারকাজ করা হয়নি। বাঁধসংলগ্ন এলাকায় হাঁটুর ওপরে পানি। এ ছাড়া বাঁধের সংস্কার করা অনেক স্থানের মাটিও ধসে গেছে।
নাটোর পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার বলেন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের কালিকাপুর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ১ হাজার ৩০ মিটার অংশ সংস্কারে চলতি অর্থবছর ৯২ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। সেই অনুযায়ী দরপত্রের মাধ্যমে শাহজালাল নামের এক ঠিকাদার কাজ পান। তিনি আবার কাজটির সাব-ঠিকাদারি দেন নাটোরের কানাইখালীর দস্তার হাসান প্রিন্স নামের এক ঠিকাদারকে। গত ১৩ মে তিনি সংস্কারকাজ শুরু করেন। জমি অধিগ্রহণ না করে বাঁধের পাদদেশসংলগ্ন এলাকা থেকে মাটি কেটে এই সংস্কারকাজ করা হচ্ছিল। এ অনিয়ম নিয়ে ১১ জুন প্রথম আলোয় সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এরপর অবশ্য দূর থেকে মাটি এনে সংস্কারকাজ চালাতে থাকেন ঠিকাদার। ১৬ জুন পর্যন্ত কাজ চলে। তারপর বিল তুলে কাজ বন্ধ করে চলে যান ঠিকাদার।
স্থানীয় আট-নয়জন বাসিন্দা বলেন, ঠিকাদার কাজ শেষ না করেই কৌশলে কেটে পড়েছেন। ফলে বর্ষায় এলাকাবাসীর ভোগান্তি আরও বাড়বে।
আওয়ামী লীগের কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন শাখার সভাপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, একদিকে দায়সারাভাবে সংস্কারকাজ করা হয়, অন্যদিকে কাজ শেষও হয়নি। এ ছাড়া বাঁধের পাদদেশ থেকে মাটি কাটায় নতুন করে হুমকি তৈরি হয়েছে। অনেক স্থানের মাটি ইতিমধ্যে ধসেও গেছে। বন্যার পানি বাড়ায় বাঁধটি আরও হুমকির মুখে পড়েছে বলে তিনি জানান। পাউবোর কর্মকর্তা ও ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার অনুরোধ জানিয়েও ফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক পাউবোর এক কর্মকর্তা বলেন, ঠিকাদার কাজের সিংহভাগ বিলই তুলে নিয়েছেন। বাঁধে ঘাস লাগানোর জন্য বরাদ্দও তুলে নিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে দস্তার হাসান বলেন, কিছু কাজ অবশিষ্ট আছে। তবে তা শেষ করতে শ্রমিকদের সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু করা হয়েছে। বাঁধে ঘাস না লাগানোর কথাও স্বীকার করেন তিনি। শিগগিরই ঘাস লাগাবেন বলে জানান। সংস্কারের পর বাঁধের মাটি ধসে যাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘মাটির কাজ। ধসে তো যেতেই পারে। এটা তো আর ব্লকের কাজ না।’
নাটোর পাউবোর নির্বাহী প্রকৌশলী বলেন, পানি চলে আসায় এবার কাজ শেষ করা যাবে না। ঠিকাদার যেটুকু কাজ করেছেন, সেটুকুরই বিল দেওয়া হয়েছে। তবে কতটুকু কাজ হয়েছে এবং কত টাকা বিল পরিশোধ করা হয়েছে—জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। আর ঘাস লাগানোর বিল পরিশোধ করা হয়নি বলেও তিনি দাবি করেন।