কাজ ফেলে রাখায় কাদা-পানি
বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল-গৈলা রাস্তা হয়ে শহীদ সেরনিয়াবাত হাউস পর্যন্ত এক কিলোমিটার সড়কটির কাজ এখনো শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি খুঁড়ে ফেলে রাখায় বৃষ্টিতে কাদার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিনে গত বুধবার দেখা যায়, ঠিকাদার সড়কের বিভিন্ন জায়গা খুঁড়ে ফেলে রেখেছেন। এতে রাস্তায় বৃষ্টির পানি জমে কাদার সৃষ্টি হয়েছে।
গৈলা ইউনিয়নের টেমার এলাকার সিরাজ মিয়া, আরজান বিবি, জহিদুল মিয়াসহ কয়েকজন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়ার পর সড়ক খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হলে গত মাসে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কিছু লোক রাস্তা খোঁড়াখুঁড়ি করে। এরপর আবার কাজ ফেলে রাখে। এতে এখন রাস্তায় থাকা গর্তে পানি জমেছে। কাদা-পানিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার সেরাল-গৈলা রাস্তা হয়ে শহীদ সেরনিয়াবাত হাউস পর্যন্ত এক কিলোমিটার সড়কটি পাকা করার জন্য ২০১৪-২০১৫ অর্থবছরে ৪৫ লাখ ৮৩ হাজার ৮৩৯ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে ২০১৪ সালের নভেম্বরে দরপত্র আহ্বান করা হয়। ডিসেম্বরে মেসার্স মিতুসী ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। সে অনুযায়ী ৪ ডিসেম্বর কাজ শুরু করে চলতি বছরের ৪ জুনের মধ্যে কাজ শেষ করার কথা।
এ ব্যাপারে মেসার্স মিতুসী ট্রেডার্সের স্বত্বাধিকারী মোমেন শিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। তবে নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা মো. মিন্টু সেরনিয়াবাত বলেন, বর্ষার কারণে প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে। দ্রুত কাজ শেষ করা হবে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন বলেন, নির্মাণকাজ শেষ করার জন্য ঠিকাদারকে বারবার লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে। সময়মতো কাজটি শুরু না করে ফেলে রাখার পর বর্ষার মৌসুমে কাজ শুরু করায় এই ভোগান্তি হচ্ছে। ঠিকাদার নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।