নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে নগরের দেওভোগ-জিমখানা এলাকায় নির্মাণাধীন বেগম ফজিলাতুন্নেসা মুজিব পার্কের কাজ বন্ধ করতে এসে গতকাল বুধবার এলাকাবাসীর তোপের মুখে পড়েছেন রেলওয়ে কর্মকর্তারা।
এ সময় এলাকাবাসী রেলওয়ে কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দেন এবং কাজ অব্যাহত রাখার দাবিতে তাৎক্ষণিক মিছিল বের করেন।
এলাকাবাসী সূত্র জানায়, বেলা তিনটার দিকে রেলওয়ের দুজন কর্মকর্তা ও জিআরপি পুলিশের কয়েকজন সদস্য নগরের দেওভোগ-জিমখানা এলাকায় নির্মাণাধীন বেগম ফজিলাতুন্নেসা মুজিব পার্কের স্থানে আসেন। তাঁরা সিটি করপোরেশনের নিয়োজিত ঠিকাদারের লোকজনকে পার্কের কাজ বন্ধ করতে বলেন। কাজ বন্ধ না করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এ সময় ভয়ে ঠিকাদারের লোকজন পালিয়ে যান। তাঁদের দেখে এলাকাবাসী জড়ো হন। একপর্যায়ে এলাকাবাসী উত্তেজিত হয়ে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দেন।
ঘটনাস্থলে কথা হয় রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নুরুন্নবী কবির ও বিভাগীয় প্রকৌশলী মহিউদ্দিন আরিফের সঙ্গে। নুরুন্নবী কবির বলেন, ‘আমরা এর আগে কাজ বন্ধ করতে চিঠি দিয়েছি। কিন্তু সিটি করপোরেশন এরপরও কাজ চালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে এসেছি। আমরা প্রকল্প বন্ধ করে দিতে বলিনি। রেলওয়ের কাছ থেকে অনুমোদন নিয়ে কাজ করতে বলেছি।’ তিনি বলেন, রেলওয়ের যে খালটির পাশে পার্কটি নির্মাণ করা হচ্ছে, সেই জিমখানা এলাকায় এ জলাশয়সহ রেলওয়ের ৩৩ একর জমি রয়েছে। এর মধ্যে ১৩ একর জমির ওপর এ পার্ক নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে পাঁচ-ছয়টি প্লট রেলওয়ে বিক্রি করেছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘বেগম ফজিলাতুন্নেসা মুজিব পার্কের জন্য রেলওয়ের কাছে ২৫-২৬ বার চিঠি দেওয়া আছে। আমি নিজেও রেলওয়ে মন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসেছি। এ ছাড়া জলাধার আইন অনুযায়ী সিটি করপোরেশন এলাকার যেকোনো জলাধার সিটি করপোরেশন সংরক্ষণ করতে পারে। আর ডিটেইল এরিয়া প্ল্যানেও রেলওয়ের এই জলাধারটি রেখে পার্ক করার পরিকল্পনা করা হয়েছে।’