পরিবেশবাদী নেতাদের পূর্বাচল এলাকা পরিদর্শন
কাজ বন্ধ করে ক্ষতিগ্রস্তদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন পূর্বাচল উপশহর পরিবেশ-সংশ্লিষ্ট সব আইন লঙ্ঘন করে বাস্তবায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পরিবেশ আন্দোলনকারীরা। অবিলম্বে এ প্রকল্প বন্ধ করে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে জমি ফিরিয়ে দিয়ে ওই এলাকার স্বাভাবিক পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন তাঁরা।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বড়কাউ ও পাড়াবর্থা মৌজার চারটি গ্রামের প্রায় ১৬০০ একর কৃষিজমি ও শালবন এলাকা অধিগ্রহণ করে গড়ে তোলা হচ্ছে পূর্বাচল উপশহর। উপশহর নির্মাণ করতে গিয়ে কৃষিজমি, ঘন শালবন ও বিভিন্ন প্রজাতির অনেক বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষ এর আওতায় পড়ায় তা অনিবার্য ধ্বংসের মুখে পড়েছে।
সম্প্রতি পূর্বাচল প্রকল্পে মারাত্মক পরিবেশ বিপর্যয় বিষয়ে ঢাকায় সংবাদ সম্মেলন করে উদ্বেগ জানান পরিবেশবাদীরা। কিন্তু ওই অভিযোগ ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানায় রাজউক কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার দুপুরে পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, স্থপতি ইনস্টিটিউট, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশসহ কয়েকটি পরিবেশবাদী সংগঠনের নেতারা সরেজমিনে পূর্বাচল শহর প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান জানান, পূর্বাচল প্রকল্পে জলাধার, পরিবেশ সংরক্ষণ, বেঙ্গল ক্যানাল অ্যাক্ট ও পানি আইনের সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। চেয়ারম্যান বলেন, যে পরিকল্পনায় এটি বাস্তবায়ন করার কথা ছিল, তার সম্পূর্ণ বিপরীতে এসে তা বাস্তবায়ন করা হচ্ছে। জলাভূমি ভরাট ও গাছ কাটার কথা না থাকলেও তা করা হচ্ছে। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের মূল্যায়ন করা হচ্ছে না। তাদের টাকা নিতে বাধ্য করা ও হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি আবু সাইদ আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় পুরো প্রকল্পটি পর্যালোচনা করা দরকার। রাজউক তাদের পরিকল্পনার বাইরে গিয়ে এলাকার পরিবেশ নষ্ট করে এবং সাধারণ জনগণের স্বার্থহানি করে এই প্রকল্প বাস্তবায়ন করছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক জে কে বড়াল অভিযোগ করে বলেন, ভয়ভীতির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের জমি অধিগ্রহণের টাকা তুলতে বাধ্য করা হচ্ছে। তিনি বলেন, এই প্রকল্প বাতিল করে অবিলম্বে ক্ষতিগ্রস্তদের জমিগুলো ফিরিয়ে দিতে হবে। পূর্বাচল প্রকল্পের ক্ষতিগ্রস্ত অন্তত ৬০০ পরিবারও এ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে। উপশহর নির্মাণের নামে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এবং বিরল জীববৈচিত্র্যে ভরপুর শালবনশোভিত ভাওয়ালগড়ের ঐতিহ্য বিনষ্ট করছে রাজউক। পরিবেশ বিপর্যয়ের মুখে এ এলাকার ভবিষ্যৎ প্রজন্মের স্বাভাবিক বেড়ে ওঠা নিয়ে সন্দিহান তাদের পরিবার।