কাজ বন্ধ করে দিয়েছে আ.লীগের একটি পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ গতকাল শনিবার বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগের স্থানীয় একটি পক্ষ। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান আওয়ামী লীগের স্থানীয় একজন নেতার সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে প্রকল্পের কাজে ব্যবহারের জন্য ব্লক তৈরিতে অনিয়ম করছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, ২০১২-১৩ অর্থবছরে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনার ভাঙন রোধে ৮০০ মিটার ডান তীর সংরক্ষণ প্রকল্পের ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজটি পেয়েছে রাজশাহীর খোন্দকার কনস্ট্রাকশন ও বগুড়ার লিয়াকত আলী কনস্ট্রাকশন। গত ২২ জানুয়ারি তারা কাজ শুরু করে।ঠিকাদারেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে প্রকল্পের কাজে ব্যবহারের জন্য নিম্নমানের ব্লক তৈরি করছে—এই অভিযোগ তুলে শনিবার দুপুরে একই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল বারিক লোকজন নিয়ে ভান্ডারবাড়ি এলাকায় গিয়ে কাজ বন্ধ করে দেন।আবদুল বারিক বলেন, ‘ঠিকাদারেরা রফিকুলসহ কয়েকজন নেতার সঙ্গে গোপনে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে নিম্নমানের কাজ করছেন। আমরা বাধা দিয়ে কাজের অনিয়ম ঠেকাতে পারছি না। এ কারণে এলাকাবাসীর সহযোগিতায় কাজ বন্ধ করে দিয়েছি।’রফিকুল ইসলাম বলেন, ‘সহসভাপতি বারিকসহ দলের কয়েকজন নেতা প্রকল্পের কাজের ভাগ চান। কিন্তু ঠিকাদারেরা কাজের ভাগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। কাজের ভাগাভাগি করতে গেলে সময়মতো কাজ করা সম্ভব হবে না—আমি এ কথা বলায় তাঁরা আমার বিরুদ্ধে ঠিকাদারের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ করছেন। আমি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নই।’লিয়াকত আলী কনস্ট্রাকশনের প্রতিনিধি সোহেল রানা জানান, রফিকুল ইসলামের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে নিম্নমানের সামগ্রী দিয়ে ব্লক নির্মাণের অভিযোগ ঠিক নয়। খোন্দকার কনস্ট্রাকশনের প্রতিনিধি গামার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।পাউবো বগুড়ার সহকারী প্রকৌশলী নাজমুল হক বলেন, ‘এখানে দলীয় নেতাদের প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এ কারণে একপক্ষ প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে। কাজে কোনো অনিয়ম হয়নি।’