অন্যায়ভাবে একজনের চুক্তি বাতিলের অভিযোগে রাজশাহী বেতারের অনিয়মিত অর্ধশতাধিক শিল্পী গতকাল বৃহস্পতিবার থেকে কাজ বন্ধ করে দিয়েছেন।অনিয়মিত শিল্পীরা জানান, রাজশাহী বেতারে ১১ জন সহকারী পরিচালক থাকার নিয়ম থাকলেও আছেন মাত্র একজন। আর পাঁচজন উপপরিচালকের জায়গায় রয়েছেন একজন। এই জনবল-সংকটের কারণে বেতারের বেশির ভাগ কাজ অনিয়মিত শিল্পী-কুশলীদের করতে হয়। খুব সামান্য সম্মানীর বিনিময়ে তাঁরা এ কাজ করেন। অথচ মিথ্যা অভিযোগে অনিয়মিত শিল্পী টিপু সুলতানের চুক্তি বাতিল করা হয়েছে।অনিয়মিত শিল্পীদের অভিযোগ, নিয়মিত বিভাগের লোকদের অপকর্ম ঢাকতেই ওই শিল্পীর চুক্তি বাতিল করা হয়েছে। এর প্রতিবাদে ৬৫ জন অনিয়মিত শিল্পী কাজ বন্ধ করে দিয়েছেন। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানকে তাঁরা বিষয়টি জানিয়েছেন। রাজশাহী বেতারের আঞ্চলিক পরিচালক মো. ছালেহ্ উদ্দিন বলেন, ‘একজন অনিয়মিত শিল্পীকে নিয়ে সমস্যা আছে। তাঁর চুক্তি বাতিল করা হয়েছে।’