রংপুর নগরের চার লেন সড়ক প্রশস্তকরণের কাজে নিয়োজিত দুজন ঠিকাদার গত জুন মাস থেকে হঠাৎ করে কাজ বন্ধ করে দিয়েছেন। এ কারণে চলতি মাসের প্রথম দিকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকে এই দুই ঠিকাদারকে এক কোটি ৮৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।এদিকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও গত দুই বছরের বেশি সময়ে প্রকল্পের মাত্র ২০ শতাংশ কাজ হয়েছে বলে সওজ সূত্রে জানা গেছে।সওজের রংপুর কার্যালয় থেকে জানা গেছে, রংপুর নগরে মোট ১৬ কিলোমিটার চার লেন সড়ক প্রশস্তকরণ কাজের মেডিকেল মোড় থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশের ১১ কোটি ৮৯ লাখ টাকার কাজ পায় ‘বেসিক আই এএসএইচ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত দুই বছরে মাত্র ১৭ দশমিক ৭ শতাংশ কাজ করার গত জুন মাসের শুরুতে হঠাৎ কাজ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। তবে এরই মধ্যে তাদের দুই কোটি ২০ লাখ টাকা তাদের বিল দেওয়া হয়েছে। কাজ বন্ধ করে দেওয়ায় চলতি মাসের প্রথম সপ্তাহে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৯৮ লাখ টাকা জরিমানা করে সওজ কর্তৃপক্ষ।অপর দিকে নগরের মডার্ন মোড় থেকে কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছাকাছি তিন কিলোমিটার সড়কের ১১ কোটি ৫২ লাখর টাকার কাজ পান মইনুল ইসলাম নামের এক ঠিকাদার। ২৪ শতাংশ কাজ করে গত জুন মাসের প্রথম দিকে তিনিও কাজ বন্ধ করে দেন। এর মধ্যে তাকেও দুই কোটি ৭৭ লাখ টাকার বিল দেওয়া হয়। চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহে সওজ কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানকে কাজ বন্ধ করে লাপাত্তা হওয়ায় সংশ্লিষ্ট বিভাগ তাদের বিরুদ্ধে ৮৭ লাখ টাকা জরিমানা করেছে। এ ব্যাপারে সওজের রংপুর কার্যালয়ের সহকারী প্রকৌশলী শফিকুল ইমলাম বলেন, ওই দুই ঠিকাদারের কজের ওপর শতকরা ১০ শতাংশ টাকা জামানত রয়েছে। তারা এ টাকা আর ফেরত পাবে না। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকে চিঠি দিয়ে জানানো হয়েছে।কাজ বন্ধ করে দেওয়ার কারণ জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান বেসিক আই এএসএইচের মালিক তারিক হাসান বলেন, কাজ শুরুর পর নির্মাণসামগ্রী বিটুমিন ও জ্বালানি খরচ বেড়ে গেছে। এ কাজে চালিয়ে গেলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। তাই কাজ বন্ধ করে দিয়েছেন। যোগাযোগ করা হলে একই কথা বলেন অপর ঠিকাদার মইনুল ইসলাম।২০১১ সালের ২০ মার্চ ১৬ কিলোমিটার চার লেন সড়ক প্রশস্তকরণের কাজ শুরু করা হয়। দরপত্র অনুযায়ী এ কাজের মোট নির্মাণব্যয় ১২৬ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে ভূমি অধিগ্রহণ বাবদ ১৭ কোটি, ক্ষতিপূরণ বাবদ ২৭ কোটি, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি অপসারণ এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পানির পাইপলাইন সরানো বাবদ ১১ কোটি ৬২ লাখ টাকা ব্যয় ধরা হয়। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু গত দুই বছরে প্রকল্পে মাত্র ২০ শতাংশ কাজ হয়েছে।এ ব্যাপারে রংপুর সওজের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, তিন বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। এরই মধ্যে দুই বছর পেরিয়ে গেছে। ১২৬ কোটি ৫৮ লাখ টাকার মধ্যে এ পর্যন্ত মাত্র ২৬ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ মিলেছে। আগস্ট মাসের মধ্যে বরাদ্দ পাওয়া গেলে কাজের গতি কিছুটা বাড়বে বলে তিনি মন্তব্য করেন।