আচরণবিধি আপাতত পকেটে রাখেন - ইসিকে ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ দলের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: হাসান রাজা
১৮ দলের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: হাসান রাজা

নির্বাচনী আচরণবিধির কাজ আপাতত বন্ধ রেখে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য কাজ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।হরতালে আটক নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে আগামী শনিবার সারা দেশের উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এই আহ্বান জানান।হরতাল চলাকালে ‘হত্যা’ হামলা, মামলার প্রতিবাদে আজ সারা দেশে প্রতিবাদ সমাবেশ করে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের আয়োজন করা হয়।

নির্বাচন কমিশনের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘দয়া করে আরপিও সংশোধন, আচরণবিধি করে জনগণকে বিভ্রান্ত করবেন না।এ সরকারের অধীনে নির্বাচনে গেলে জনগণ আপনাদের ক্ষমা করবে না।আচরণবিধি করা আপাতত বন্ধ করে পকেটে রাখেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য কাজ করুন।’ না হলে জনগণ এই নির্বাচন কমিশনকে কালো তালিকাভুক্ত করবে বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশ থেকে হরতালে আটক নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে আগামী শনিবার সারা দেশে উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।

বিএনপির মুখপাত্র অভিযোগ করেন, সরকার মুখে সংলাপের কথা বললেও আসলে তারা সংলাপ-সমঝোতা চায় না।সংলাপের নামে তারা নাটক করছে।সরকার সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নিয়েছে।তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।সুতরাং আলোচনা হতে হলে বলতে হবে এ বিষয়ে আলোচনা করতে চান কি চান না।’

টেলিফোনে দুই নেত্রীর কথোপকথন ফাঁসের সমালোচনা করে ফখরুল বলেন, ‘এটি সম্পূর্ণ বেআইনি, অপরাধমূলক কাজ।’

খালেদা জিয়াকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেওয়া বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, ইনু যে বক্তব্য দিয়েছেন তা ঔদ্ধত্যের শামিল।খালেদা জিয়া সত্যিকারের নেতা—তা টেলিফোন আলাপে প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

বর্তমান সংবিধানকে পাড়া-মহল্লার ক্লাবের গঠনতন্ত্রের চেয়েও নিকৃষ্ট বলে মন্তব্য করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।

জামায়াতের কর্মপরিষদ সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তাঁরা শান্তি, সমঝোতা চান।কিন্তু সরকার সংলাপের নাটক শুরু করেছে।দাওয়াতের ফাঁদে পড়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না।

সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান প্রমুখ বক্তব্য দেন।