সাভারে হলমার্ক গ্রুপের শিল্পপার্ক স্থাপনে মাটি ভরাটের কাজ বন্ধ রাখার আদেশে স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি। হাইকোর্ট শিল্পপার্ক স্থাপনে সব ধরনের মাটি ভরাটের কাজ চার মাসের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন।হাইকোর্টের এই আদেশে স্থগিতাদেশ চেয়ে হলমার্ক গ্রুপের পক্ষে আবেদনটি করা হয়। গতকাল বুধবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. শামসুল হুদার আদালতে এই আবেদনের ওপর শুনানি হয়। শুনানি নিয়ে আদালত নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলেন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সাভারে হলমার্ক গ্রুপের শিল্পপার্ক ঘোষণার পর কার্যক্রম শুরুর বৈধতা চ্যালেঞ্জ করে গত মাসে পরিবেশ বাঁচাও আন্দোলনের পক্ষে একটি রিট করা হয়। শুনানি নিয়ে ৩০ জুলাই হাইকোর্ট শিল্পপার্ক স্থাপনে মাটি ভরাটের কাজ চার মাসের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন এবং রুল জারি করেন। সেই সঙ্গে হলমার্ক গ্রুপকে পরিবেশ মন্ত্রণালয়ের আপিল কর্তৃপক্ষের করা জরিমানা হ্রাসের আদেশের কার্যকারিতা ওই সময় পর্যন্ত স্থগিত করা হয়। এ ছাড়া, প্রতিষ্ঠানটিকে শিল্পপার্ক স্থাপনে অবস্থান ও পরিবেশগত ছাড়পত্র প্রদান থেকে বিরত থাকতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়।গতকাল আদালতে হলমার্কের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল এবং এ এম আমিনউদ্দিন।আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতি স্থগিতাদেশ দেননি, নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন।আইনজীবী এ এম আমিনউদ্দিন প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতি কোনো স্থগিতাদেশ দেননি।