কাজ বন্ধের নির্দেশ আ.লীগ নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণ ও সংস্কারকাজ অনিয়মের অভিযোগে বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও জ্যেষ্ঠ সহসভাপতি সাদেক হোসেন। তাঁরা দুজন স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্যও।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য প্রকৌশল দিনাজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণে নতুন ভবন নির্মাণ ও পুরোনো ভবন সংস্কারে প্রায় আট কোটি টাকা ব্যয়ে এ বছরের জানুয়াির মাস থেকে কাজ শুরু করে ঢাকার মালিথা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১৫ মাসের মধ্যে ওই কাজ শেষ করার নির্দেশনা রয়েছে।

জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীতকরণের জন্য এর আগেও একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছিল। সেই ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম-দুর্নীতি করে কাজ অসমাপ্ত রেখে চলে যায়। কিন্তু ঠিকাদার প্রকৌশলীদের সঙ্গে আঁতাত করে তাঁর বিল ঠিকই তুলে নেন। ফলে প্রায় তিন বছর কাজ বন্ধ থাকে। এতে সরকারের নির্মাণ-ব্যয়ও বেড়ে যায়। এখন আবার এত টাকার কাজ হচ্ছে অথচ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সাংসদ বা সদস্যদের কাউকেই কিছুই জানানো হয়নি। তাই সাংসদের নির্দেশে তাঁরা ওই কাজ বন্ধের নির্দেশ দেন।

সাদেক হোসেন বলেন, হাসপাতাল নির্মাণে ৫৮ টাকার টাইলস ব্যবহার করার কথা বলা হয়েছে, অথচ ঠিকাদার ব্যবহার করছেন ৩৮ টাকার টাইলস। শিডিউলে যে মূল্যের পণ্য ব্যবহার করার কথা বলা হয়েছে, তা ব্যবহার না করে নিম্নমানের পণ্য ব্যবহার করছে। এ ছাড়া সংস্কারকাজও করছে দায়সারাভাবে। এসব অনিয়মের অভিযোগে সাংসদের নির্দেশে ঠিকাদারকে কাজ বন্ধ করতে বলা হয়েছে।

গত বুধবার সরেজমিনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল বারীকে সঙ্গে নিয়ে দেখা গেছে, যেসব স্থানে সংস্কার করা হয়েছে সেখান থেকে টাইলস উঠে গেছে। দেয়ালের নষ্ট হয়ে যাওয়া পুরো জায়গাটি সংস্কার না করে দায়সারাভাবে সংস্কার করা হয়েছে। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শফিকুল ইসলামের কাছে ঠিকাদারের মুঠোফোন নম্বর চাইলে তিনি দিতে অস্বীকার করেন। নির্মাণ ও সংস্কারকাজের অনিয়মের অভিযোগ অস্বীকার করে শফিকুল বলেন, কাজ শুরুর পর থেকে অনেকেই নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে অনিয়মের অভিযোগ করছেন। এতে তাঁদের কিছু যায় আসে না। রেজাউল বারী বলেন, ঘটনাটি তিনি সিভিল সার্জনকে জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় সাংসদ শিবলী সাদিক গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্থানীয় অনেকে তাঁর কাছে ওই নির্মাণকাজের অনিয়মের অভিযোগ করেন। পরে তিনি আওয়ামী লীগের ওই দুই নেতাকে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য পাঠান। ওই দুই নেতা গিয়ে অভিযোগের সত্যতা পান। এরপর তিনি তাঁদের ওই কাজ বন্ধের নির্দেশ দেন। তিনি সরেজমিনে গিয়ে শিডিউল অনুয়ায়ী ওই কাজ বুঝে নিয়ে কাজ চালুর অনুমতি দেবেন।