কাজ বন্ধের নির্দেশ, তদন্তে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৭০০ বছরের পুরোনো মহজমপুর শাহী মসজিদের একাংশ ভেঙে বর্ধিত ভবন বানানোর কাজ গতকাল রোববার বন্ধ করে দিয়েছে প্রশাসন। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। লিখিত অভিযোগ করা হয়েছে থানায়।
গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক রাখী রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখতে এবং এক সপ্তাহের মধ্যে ভবনের বর্ধিত অংশ অপসারণ করতে মসজিদ পরিচালনা কমিটিকে নির্দেশ দেন।
ইউএনও আবু নাছের ভূঁঞা প্রথম আলোকে জানান, ঘটনা তদন্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়াকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ছাড়া মসজিদটির একাংশ ভেঙে নকশা পরিবর্তন করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা রাখী রায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। রাখী রায় গতকাল প্রথম আলোকে বলেন, প্রত্নসম্পদ রক্ষা আইন অনুযায়ী এটি অবৈধ। পুরাকীর্তির কাছে কোনো স্থাপনা নির্মাণ করতে হলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুমতি নিতে হয়। এ ক্ষেত্রে অনুমতি নেওয়া হয়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, পুলিশ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছে।
গতকাল শনিবার প্রথম আলোর শেষের পাতায় ‘ঐতিহ্যে হাতুড়ির ঘা!’ শিরোনামে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।