জয়পুরহাটের কালাই-ক্ষেতলাল সড়ক সংস্কারের কাজ শেষ না করেই সিংহভাগ বিল তুলে এলাকা ছেড়েছেন ঠিকাদার। নিম্নমানের উপকরণ ব্যবহার করে ৪২ লাখ টাকার এ কাজ দায়সারাভাবে সংস্কারের একপর্যায়ে এলাকাবাসী বাধা দেয়। বাধার মুখে সড়কের বেশি ক্ষতিগ্রস্ত এক কিলোমিটার অংশ সংস্কারে অপারগতা প্রকাশ করেছেন ঠিকাদার।বগুড়ার মেসার্স নাহিয়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার মো. লিটন বলেন, ‘সব ঠিকাদারই কমবেশি নিম্নমানের কাজ করেন। আমিও নিম্নমানের কাজ করার দায়ভার স্বীকার করছি। তবে এলাকার লোকজন যেভাবে কাজ বুঝে নিতে চাচ্ছেন, সেভাবে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই সড়কটির বেশি ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজে অপারগতার বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) জানিয়ে দিয়েছি।’ সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, কার্যাদেশ অনুযায়ী কালাই-ক্ষেতলাল সড়কের কালাই উপজেলা সীমানার ৬ দশমিক ২০ কিলোমিটার অংশ সংস্কারের কাজ ২০০৯ সালের ৮ মে শুরু হয়ে ওই বছরের ২৭ নভেম্বর শেষ হওয়ার কথা।কালাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন মোল্লা বলেন, ‘সড়কটির ক্ষেতলাল মোড় থেকে কালাই শহরের কামারপাড়া পর্যন্ত অংশ দায়সারাভাবে সংস্কার করেন ঠিকাদার। কামারপাড়া থেকে শহরের কেন্দ্রস্থল পর্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত অংশও মাস দেড়েক আগে দায়সারাভাবে সংস্কার করতে চাইলে স্থানীয় লোকজন বাধা দেয়। এ সুযোগে মালামাল নিয়ে সটকে পড়েন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এলজিইডি সূত্র জানায়, বেশি ক্ষতিগ্রস্ত প্রায় এক কিলোমিটার অংশের কাজ বাকি থাকলেও ঠিকাদার ইতিমধ্যে ৩২ লাখ ৬৬ হাজার টাকার বিল তুলে নিয়েছেন। প্রতিষ্ঠানটি ২৮ শতাংশ কম দরে কাজ নেওয়ায় আর বেশি বিল পাওয়ার কথা নয়। সেই হিসাবে অবশিষ্ট কাজ না করলে ঠিকাদারই বেশি লাভবান হবেন।তবে ঠিকাদার লিটন দাবি করেন, ‘আর মাত্র সামান্য অংশের কাজ বাকি আছে। এলাকাবাসীর বাধার কারণে বেশি ক্ষতিগ্রস্ত ওই অংশটির কাজ করা সম্ভব হয়নি। আর যে কাজ করেছি তার বিলই তুলে নিয়েছি।’ এলজিইডি জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী লুৎফর রহমান বলেন, ‘ভালোভাবে কাজ বুঝে নেওয়ার জন্য এলজিইডির সদিচ্ছার অভাব ছিল না। তারপরও ঠিকাদারের কিছু গাফিলতি থাকতেই পারে। ঠিকাদার কাজে অপরাগতার কথা জানিয়েছেন। তাই নতুন করে দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’