কাজ ভুলে গেছেন অবেদনবিদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাভাবিক সন্তান প্রসব না হওয়ায় প্রসূতি জোছনা আকতারকে (২৫) নেওয়া হলো হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে। কিন্তু অস্ত্রোপচারের ঠিক আগমুহূর্তে অবেদনবিদ জানালেন, তিনি ওই (অবশ করা) কাজ ভুলে গেছেন। এ অবস্থায় প্রায় এক ঘণ্টা পার হওয়ার পর জোছনাকে অস্ত্রোপচার কক্ষ থেকে বের করে বলা হলো অন্য হাসপাতালে নিতে। আরও এক ঘণ্টা পর সংকটাপন্ন অবস্থায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়।এ ঘটনা কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। চিকিৎসক-সংকট ও চিকিৎসকদের মধ্যে সমন্বয়হীনতাসহ নানা সমস্যার কারণে ১০ মাস ধরে সেখানে জরুরি প্রসূতিসেবা প্রকল্পের মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম (সিজারিয়ান সন্তান প্রসব) বন্ধ হয়ে রয়েছে।উপজেলার ফতেখাঁরকুল গ্রামের পশ্চিম মেরংলোয়া গ্রামের আবদুল মজিদ জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তাঁর স্ত্রী জোছনা আকতার রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত সেবা নিচ্ছিলেন। প্রসব বেদনা শুরু হলে গত ৭ অক্টোবর তাঁকে সেখানে ভর্তি করা হয়। দুই দিন অতিবাহিত হওয়ার পরও স্বাভাবিক সন্তান প্রসব না হওয়ায় ৯ অক্টোবর সকালে চিকিৎসকেরা জোছনাকে অস্ত্রোপচার কক্ষে নেন। কিন্তু অস্ত্রোপচার না করেই প্রায় এক ঘণ্টা পর জোছনাকে ওই কক্ষ থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। ততক্ষণে জোছনার অবস্থা সংকটাপন্ন। পরে জোছনাকে সদর হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করে সন্তান প্রসব করানো হয়।রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী বিষয়টির সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, অবেদনবিদ মহি উদ্দিনের অপারগতার কারণে সেদিন অস্ত্রোপচার করা যায়নি। এ ব্যাপারে অবেদনবিদ লিখিতভাবে জানিয়েছেন, তিনি অবশ করার কাজ ভুলে গেছেন।এ বিষয়ে জানতে চাইলে অবেদনবিদ (বর্তমানে প্রশিক্ষণে) মহি উদ্দিন প্রথম আলোকে বলেন, মাত্র ছয় মাসের প্রশিক্ষণ নিয়ে তিনি এ কাজ শুরু করেন। কিন্তু হাসপাতালে প্রায় ১০ মাস অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তিনি ওই দিন প্রসূতিকে অবশ করতে অপারগতা প্রকাশ করেন।স্বাস্থ্য কর্মকর্তা রতন চৌধুরী জানান, আট মাস ধরে হাসপাতালে কোনো গাইনি কনসালট্যান্ট ছিল না। দুই মাস আগে একজন গাইনি কনসালট্যান্ট দেওয়া হয়। এরপর ৯ অক্টোবরের ঘটনার পর হাসপাতালের একমাত্র অবেদনবিদ মহি উদ্দিনকে ১৬ অক্টোবর থেকে আবার দুই মাসের প্রশিক্ষণে পাঠানো হয়েছে। ফলে এখন কনসালট্যান্ট থাকলেও অস্ত্রোপচার বন্ধ রয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, মাতৃমৃত্যুর হার কমাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অর্থায়নে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০৫ সাল থেকে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম নামে বিশেষ সেবা চালু হয়। এরপর ২০০৭ সালের ১৪ জুলাই থেকে গাইনি বিভাগে অস্ত্রোপচার শুরু হয়। এর পর থেকে এ প্রকল্পের মাধ্যমে নয় শতাধিক প্রসূতিকে অস্ত্রোপচার করে ও প্রায় পাঁচ হাজার প্রসূতিকে স্বাভাবিক সন্তান প্রসব করানো হয়েছে। এ স্কিমের আওতাভুক্ত রোগীরা যাতায়াত খরচসহ জনপ্রতি নগদ প্রায় আড়াই হাজার টাকা এবং ৫০০ টাকার বিভিন্ন সামগ্রী পান। এ কারণে অল্প সময়েই এ কার্যক্রম ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে নানা সমস্যার কারণে এ জরুরি প্রসূতিসেবা মুখ থুবড়ে পড়েছে।স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালট্যান্ট খায়রুনেচ্ছা মুন্নী প্রথম আলোকে বলেন, অস্ত্রোপচার বন্ধ থাকায় প্রসূতি মায়েদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করতে হচ্ছে। এতে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও তিনি স্বীকার করেন।