নির্বাচন কমিশন (ইসি) গঠনে কাজে নেমে পড়েছেন সার্চ বা অনুসন্ধান কমিটির সদস্যরা। প্রাথমিকভাবে নিজ নিজ উৎস থেকে নাম সংগ্রহ করছেন তাঁরা। এদিকে ইসি গঠন নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাক্ষাৎ চেয়েছেন কূটনীতিকেরা। কিন্তু সরকার তাঁদের অনুরোধে এখনো সাড়া দেয়নি।
সরকার মনে করে, ইসি গঠন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে কূটনীতিকদের মত দেওয়ার কোনো সুযোগ নেই। নতুন ইসির বিষয়ে বিদেশি কূটনীতিকদের সরকারের পদক্ষেপ সম্পর্কে পরে অবহিত করা হবে।
কাজ শুরু কমিটির সদস্যদের
একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, কাল শনি বা পরশু রোববার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসতে পারেন অনুসন্ধান কমিটির সদস্যরা। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা গতকাল বৃহস্পতিবার বলছেন, অনুসন্ধান কমিটি নিয়ে বিতর্ক করলে বিএনপিরই ক্ষতি হবে। এই কমিটিতে রাজনৈতিক দলের কেউ নেই। অন্যদিকে ‘ক্ষুব্ধ’ বিএনপির নেতারা বলছেন, এই কমিটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সুপারিশ করতে সক্ষম হবে না। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আজ সকালে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
অনুসন্ধান কমিটির দুজন সদস্য প্রথম আলোকে বলেন, গতকাল তাঁরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তাঁরা জেনেছেন, নির্বাচন কমিশনারদের খুঁজতে ২০১২ সালের মতো এবারও সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই বিভাগের একজন অতিরিক্ত সচিব অনুসন্ধান কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি অনুসন্ধান কমিটির সদস্যদের মুঠোফোন, ই-মেইল ও চিঠি দিয়ে কখন, কোথায় বৈঠক হবে, সেগুলো জানাবেন।
কবে থেকে কাজ শুরু করবেন, জানতে চাইলে অনুসন্ধান কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সবেমাত্র সার্চ কমিটি গঠন করা হলো। আশা করছি, দু-এক দিনের মধ্যে বৈঠক করব। তবে এর আগে হোমওয়ার্ক করে নেওয়া ভালো।’ অনুসন্ধান কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে সম্ভাব্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের নাম সংগ্রহ করবেন। বিভিন্ন সূত্র থেকে তাঁরা খোঁজ নিচ্ছেন। প্রথম বৈঠকে যেন কয়েকটি নাম নিয়ে আলোচনা করা যায়, সে জন্য কিছু কাজ এগিয়ে রাখছেন তাঁরা। ২০১২ সালেও ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ জমা দিতে অনুসন্ধান কমিটিকে বলা হয়েছিল।
অনুসন্ধান কমিটির সদস্য ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ সাংবাদিকদের বলেন, ‘সবচেয়ে ভালো কিছু করতে চাই। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেটা আমরা করব।’
>আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে একটি ভালো নির্বাচন দেখতে চায়। তাই আগামী নির্বাচন সামনে রেখে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে কূটনীতিকেরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছেন
রবার্ট ওয়াটকিন্স
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী
কূটনীতিকেরা এখনো অপেক্ষায়
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে একটি ভালো নির্বাচন দেখতে চায়। তাই আগামী নির্বাচন সামনে রেখে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে কূটনীতিকেরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছেন। তিনি গতকাল বিকেলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল প্রথম আলোকে বলেন, ইসি গঠন বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তর ১০ জানুয়ারি মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়। জাতিসংঘের ওই অনুরোধে বলা হয়, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক, কানাডার হাইকমিশনার পিয়েরে বেনোয়া লাঘামে, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবেল্ট, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান।
ছয় বিদেশি কূটনীতিক রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন কি না, জানতে চাইলে সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ইসি গঠনের বিষয় একান্তই বাংলাদেশের নিজস্ব। তা নিজস্ব প্রক্রিয়ায় হবে। এখানে বাইরের কারও কোনো মত দেওয়ার সুযোগ নেই। ফলে এ বিষয়ে কূটনীতিকদের রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার সুযোগ কোথায়? তা ছাড়া, তাঁদের যদি সাক্ষাতের ব্যবস্থা করা হতো, এত দিনে তা হয়ে যাওয়ার কথা।
তবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে অনুরোধের ১৬ দিন পেরিয়ে গেলেও এ নিয়ে এখনো আশাবাদী জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। গতকাল এই প্রতিবেদকের প্রশ্নের উত্তরে রবার্ট ওয়াটকিন্স বলেন, ‘আমি আশাবাদী।’
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার উদ্দেশ্য প্রসঙ্গে জানতে চাইলে রবার্ট ওয়াটকিন্স বলেন, ‘পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাঁর সঙ্গে খোলামেলা আলোচনা করতে চাই। বিশেষ করে নির্বাচন সামনে রেখে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে সম্পর্কে তাঁর কাছ থেকে জানাটাই মূল উদ্দেশ্য। বিশেষ করে তাঁর সিদ্ধান্তগুলো সম্পর্কে জানতে চাই। সার্চ কমিটি গঠন অত্যন্ত ইতিবাচক ঘটনা। আমাদের কোনো এজেন্ডা নেই।’
নির্বাচন কমিশনের সঙ্গে একসময় জাতিসংঘের কিছু প্রকল্প ছিল, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওয়াটকিন্স বলেন, ‘প্রকল্পগুলো আবার শুরু করার বিষয়ে আলোচনা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের অন্যতম উদ্দেশ্য। পরিস্থিতিকে তিনি কীভাবে দেখছেন, কোথায় কাজ করলে ভালো হবে, সে ব্যাপারে রাষ্ট্রপতি আমাদের পরামর্শ দেবেন। নির্বাচন কমিশন বা অন্য কোথায় বিনিয়োগ করলে ভালো হবে, সে বিষয়ে তাঁর মতামত চাইব। পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট অন্যদের মতও আমরা শুনতে আগ্রহী। আন্তর্জাতিক সম্প্রদায় হিসেবে বাংলাদেশে একটি ভালো নির্বাচন দেখতে চাই।’
বিতর্ক করলে বিএনপিরই ক্ষতি: তোফায়েল
গতকাল সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, সার্চ কমিটি নিয়ে বিতর্ক করলে ক্ষতি বিএনপিরই হবে। কারণ, পরে দেখা যাবে যেটাকে বিতর্কিত করেছে, তার অধীনেই নির্বাচনে গেছে। গতকাল যশোরের কেশবপুরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি যোগ্য ব্যক্তিদের সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। সেখানে রাজনৈতিক দলের কেউ নেই। রাজধানীতে আরেক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সার্চ কমিটিতে যাঁদের নাম আছে, তাঁরা সবাই সম্মানিত ব্যক্তি। এ ব্যাপারে বিএনপির ইতিবাচক মনোভাব দেখানো উচিত ছিল।
এই কমিটি ইসি গঠনে সুপারিশ করতে সক্ষম হবে না: নজরুল
গতকাল নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের এক দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি চেয়েছিল এমন ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি করা হোক, যাঁদের আর কিছু পাওয়ার নেই। কিন্তু সার্চ কমিটি করা হয়েছে এমন ব্যক্তিদের নিয়ে, যাঁদের পাওয়ার আছে বা ইতিমধ্যে পেয়েছেন। এই সার্চ কমিটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সুপারিশ করতে সক্ষম হবে না।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ বলেন, তাঁরা আশা করেন, অনুসন্ধান কমিটি ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের জন্য নাম প্রস্তাব করবে।